কুয়াকাটায় বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত

পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটায় ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় জিসান নামে এক কিশোর নিহত হয়েছে। এঘটনায় আরও দুইজন আহত হন। সোমবার (১ জুন) সকালে কুয়াকাটা মেরিন ড্রাইভ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিসান (১৭) শরীয়তপুরের পালং উপজেলার কাশাপুর গ্রামের আমির হোসেনের ছেলে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয়দের বরাতে মহিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিম হাওলাদার  জানায়, কুয়াকাটার মেইন ড্রাইভ সড়ক দিয়ে লেম্বুরবন এলাকায় যাওয়ার পথে একটি নারী হঠাৎ রাস্তা পার হওয়ার চেষ্টা করেন। তাকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে মোটরসাইকেলটি রাস্তার পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খেলে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় জিসানসহ তিন গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজন হাসপাতালে চিকিৎসাধীন  রয়েছেন।

এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।