ক্যালাম টার্নারকেই বিয়ে করেছেন দুয়া লিপা

বিশ্বসংগীতের চলমান সময়ের আলোচিত তারকা দুয়া লিপা ও ব্রিটিশ অভিনেতা ক্যালাম টার্নার তাদের দীর্ঘদিনের সম্পর্ককে আনুষ্ঠানিক পরিণতি দিয়েছেন। লন্ডনের ঐতিহ্যবাহী ওল্ড ম্যারিলিবন টাউন হলে ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। সীমিত পরিসরের এই আয়োজনে দুই তারকাকে দেখা গেছে স্বতন্ত্র স্টাইল ও ফ্যাশন উপস্থিতিতে। দুয়া লিপা পরেছিলেন সাদা রঙের ক্লাসিক ও দৃষ্টিনন্দন গাউন, সঙ্গে ছিল সাদা গ্লাভস ও বড় আকৃতির টুপি, যা তার সামগ্রিক লুককে আরও আকর্ষণীয় করে তোলে। 

অন্যদিকে ক্যালাম টার্নার নেভি ব্লু স্যুট ও টাই পরে অনুষ্ঠানে উপস্থিত হন। দুজনের সম্পর্কের গুঞ্জন প্রথম সামনে আসে ২০২৪ সালের শুরুতে, যখন লন্ডনের একটি ইভেন্টে তাদের একসঙ্গে দেখা যায়। এরপর ধীরে ধীরে তাদের ঘনিষ্ঠতা প্রকাশ্যে আসে এবং একই বছরের মাঝামাঝি সময়ে তারা নিজেদের সম্পর্কের বিষয়টি সামাজিক মাধ্যমে নিশ্চিত করেন। 

২০২৫ সালে এক সাক্ষাৎকারে বাগদানের খবর প্রকাশ করে দুয়া লিপা জানান, ব্যস্ত কনসার্ট ও বিশ্ব সফর শেষ হওয়ার পর ব্যক্তিগত জীবনের এই গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু করার পরিকল্পনা তাদের ছিল। তিনি তখন জীবনসঙ্গীর সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক, পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্বকে দাম্পত্য জীবনের মূল ভিত্তি হিসেবে দেখার কথা বলেন।