‘বিলিওনেরা’য় মাতাল ঢাকা

বাংলাদেশকে আরও কাছ থেকে দেখে যেতে চাই : ওটিলিয়া

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পিএম

বিশ্ব বিখ্যাত ‘বিলিওনেরা’ গানের সুরে একসময় মেতে উঠেছিলেন বিশ্বের নানা প্রান্তের শ্রোতা। ভাষা না বুঝলেও গানের ছন্দ আর মেজাজে মুগ্ধ হয়েছিলেন অনেকেই। সেই জনপ্রিয় গানটির মাধ্যমে এবার ঢাকার শ্রোতা-দর্শককে বুদ করে দিলেন ওটিলিয়া ব্রুমা আবার ঢাকায়। প্রায় চার বছর পর বাংলাদেশে ফিরে ভক্তদের সঙ্গে দেখা করার পাশাপাশি তাদের সঙ্গে একসঙ্গে ‘বিলিওনেরা’ গাওয়ার জন্য মুখিয়ে ছিলেন এই রোমানিয়ান পপ তারকা।

এরপর একে একে গেয়ে শোনান ‘ডায়ামান্তে’সহ নিজের জনপ্রিয় কয়েকটি গান। গানের সঙ্গে তাল মিলিয়ে মঞ্চে নাচেন ব্যাকগ্রাউন্ড ড্যান্সাররাও। কখনো মঞ্চের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যাওয়া, কখনো দর্শকদের উদ্দেশে হাত নেড়ে অভিবাদন—পুরো পরিবেশনাতেই ছিল তার সাবলীল উপস্থিতি। প্রিয় শিল্পীকে সামনে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন উপস্থিত সংগীতপিপাসুরা।

২৭ নভেম্বর (শুক্রবার) রাজধানীর কোর্টসাইডে অনুষ্ঠিত হলো বহুল প্রত্যাশিত কনসার্ট—‘ওটিলিয়া রিটার্নস: বিলিওনেরা লাইভ ইন ঢাকা’। কনসার্টের আগে সংবাদ সম্মেলনে নিজের জনপ্রিয় গান থেকে কয়েক কলি গেয়েও শোনালেন এই রোমানিয়ান পপতারকা। পরিবেশনার শেষ দিকে বিশ্বখ্যাত পপ তারকা শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ গানটিও গেয়ে শোনান ওটিলিয়া। পাশাপাশি একটি পাঞ্জাবি গানও পরিবেশন করেন তিনি। পরিচিত সুরে দর্শকেরও সঙ্গে গলা মেলানোর আহ্বান জানান গায়িকা। সেই আহ্বানে সাড়া দিয়ে গোটা মঞ্চটাকেই জমকালো করে তোলেন সবাই।

ঢাকায় আসার আগে নতুন গান প্রকাশের ইঙ্গিত দিয়েছিলেন ওটিলিয়া। কনসার্টে সেই প্রতিশ্রুতিও পূরণ করেন তিনি। নতুন গান পরিবেশনের আগে দর্শকদের উদ্দেশে উচ্ছ্বাস প্রকাশ করে তাদের ‘আগুন’ বলে সম্বোধন করেন। গানটি ছড়িয়ে দিতে ভক্তদের সহযোগিতাও চান এই শিল্পী। নতুন সুরেও আনন্দে মেতে ওঠেন দর্শক। তবে ঢাকায় এসে শুধু মঞ্চে গান গাওয়াই তার একমাত্র পরিকল্পনা নয়। বাংলাদেশের খাবার, শাড়ি, মানুষের জীবনযাপন এবং শহরের রাস্তাঘাট ঘুরে দেখার প্রতিও তার আগ্রহ রয়েছে। সংবাদ সম্মেলনে ওটিলিয়ার কথায় উঠে এল গান নিয়ে তার নিজস্ব দর্শন, বাংলাদেশের প্রতি ভালোবাসা, আগের সফরের স্মৃতি এবং এবারের ঢাকা সফর ঘিরে নানা প্রত্যাশা। তার কথায়, গান কোন ভাষায় গাওয়া হচ্ছে, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ সেই গান শ্রোতার মনে কী অনুভূতি তৈরি করছে।

এর মধ্য দিয়ে  চার বছর পর আবার ঢাকা মাতালেন ওটালিয়া। ‘ওটিলিয়া রিটার্নস: বিলিওনেরা লাইভ ইন ঢাকা’। এই কনসার্টের আয়োজন করছে ই-মেকার্স বাংলাদেশ। ওটিলিয়ার পাশাপাশি মঞ্চে ছিলেন বাংলাদেশের সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির এবং তার ব্যান্ড ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস। সব মিলিয়ে এই আয়োজনে আন্তর্জাতিক পপসংগীতের সঙ্গে বাংলাদেশের সংগীতেরও সংযোগ তৈরি হয়।

ওটিলিয়া ব্রুমা রোমানিয়ার একজন পপ গায়িকা ও গীতিকার। ২০১৪ সালে প্রকাশিত ‘বিলিওনেরা’ গান তাঁকে আন্তর্জাতিক পরিচিতি এনে দেয়। গানটির ছন্দ ও সুর বহু দেশের শ্রোতার কাছে জনপ্রিয় হয়ে ওঠে। বাংলাদেশেও এই গানের আলাদা শ্রোতা তৈরি হয়েছে। ফলে ঢাকার সংগীতপ্রেমীদের কাছে ওটিলিয়া নামটির সঙ্গে ‘বিলিওনেরা’ গানটি বিশেষভাবে জড়িয়ে রয়েছে।

সংবাদ সম্মেলনে ওটিলিয়াকে গান ও ভাষার সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, কোনো গান কোন ভাষায় গাওয়া হচ্ছে, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নয়। তার মতে, গানটি শ্রোতার মনে কী অনুভূতি তৈরি করছে, সেটাই আসল। আপনি নিজের ভাষায় গান গাইতে পারেন, ফরাসি ভাষায় গাইতে পারেন, এমনকি মজার ছলে তিনি বলেন, ভিনগ্রহের কোনও কল্পিত ভাষাতেও গান গাওয়া সম্ভব। কিন্তু সেই গানের মধ্যে যদি অনুভূতি থাকে, তা হলে সেটিও বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠতে পারে। বাংলাদেশে এসে আয়োজকদের সঙ্গে কাজ করেও তিনি সন্তুষ্ট বলে জানিয়েছেন। ই-মেকার্স বাংলাদেশের উদ্যোগ ও আয়োজনের প্রশংসা করে ওটিলিয়া বলেন, তারা খুব পেশাদার। এখনও পর্যন্ত সবকিছু ভালোভাবে এগিয়েছে এবং শেষ পর্যন্তও আয়োজন সুন্দরভাবে সম্পন্ন হবে বলে তার আশা।

সংবাদ সম্মেলনে ওটিলিয়া স্পষ্ট করেই বলেছেন, ‘আমি বাংলাদেশকে ভালোবাসি।’ আগের সফরের স্মৃতিও তার মনে রয়েছে। তিনি জানান, শেষবার যখন বাংলাদেশে এসেছিলেন, তখন তার সঙ্গে ছিলেন তার মা। সেই সফরে পাওয়া শাড়িগুলো এখনও তাদের বাড়িতে স্মৃতি হিসেবে রাখা আছে। শাড়ির প্রতি তার আলাদা ভালো লাগার কথাও জানিয়েছেন ওটিলিয়া। তবে ইউরোপে শাড়ি পরার সুযোগ সব সময় হয় না। তার দেশের আবহাওয়ার কথা বলতে গিয়ে তিনি জানান, এখন সেখানে তুষারপাত হচ্ছে। এমন পরিস্থিতিতে শাড়ি পরে বাইরে বেরোনো সহজ নয়। তাই এবার ঢাকায় এসে আয়োজকদের কাছে নতুন একটি শাড়ির ব্যবস্থা করার কথাও বলেছেন তিনি। শাড়ি যে তার পছন্দের পোশাকগুলোর মধ্যে রয়েছে, এটা তার কথার মধ্যেই ফুটে ওঠে।  

শুধু নিজের জন্য নয়, পরিবারের সদস্যদের জন্যও কিছু উপহার নিয়ে যেতে চান ওটিলিয়া। আগের সফরের শাড়িগুলো যেমন তার কাছে বাংলাদেশের স্মৃতি হয়ে রয়েছে, তেমনই এবারের সফর থেকেও কিছু সুন্দর স্মৃতি সঙ্গে নিয়ে ফিরতে চান তিনি। ঢাকায় এসে কী খেতে চান, সেই প্রশ্নের উত্তরেও ওটিলিয়ার পছন্দের একটি মজার দিক সামনে এসেছে। তিনি জানিয়েছেন, খুব বিলাসবহুল রেস্তোরাঁ বা দামি খাবারের প্রতি তার বিশেষ আকর্ষণ নেই। বরং কোনো নতুন জায়গায় গেলে তিনি সেখানকার ঐতিহ্যবাহী খাবার এবং রাস্তার খাবার চেখে দেখতে ভালোবাসেন।

MixCollage-28-Nov-2026-02-21-AM-7805

ওটিলিয়ার ইচ্ছা, ঢাকার স্ট্রিট ফুডের স্বাদ নেওয়া। শুধু খাবার খাওয়াই নয়, রাস্তার আশপাশে মানুষের চলাফেরা দেখা, তারা কী খাচ্ছেন, কীভাবে দিন কাটাচ্ছেন, সেই পরিবেশের সঙ্গে পরিচিত হতেও আগ্রহী তিনি। তার মতে, কোনো দেশকে সত্যিকারের অনুভব করতে হলে শুধু হোটেল বা নির্দিষ্ট আয়োজনের মধ্যে থাকলে চলে না। মানুষের কাছে যেতে হয়, তাদের দৈনন্দিন জীবন দেখতে হয়, স্থানীয় খাবার ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে হয়।

এবারের সফরে তাই হোটেলে বসে সময় কাটাতে চান না ওটিলিয়া। বাংলাদেশকে আরও কাছ থেকে দেখতে চান, ঘুরে দেখতে চান ঢাকার নানা জায়গা।  রবিবার (২৯ নভেম্বর) সকালে তাদের ঢাকা ছাড়ার কথা ওটিলিয়ার। তার আগে হাতে যে সময় রয়েছে, তা কাজে লাগিয়ে শহর ও দেশের কিছু অভিজ্ঞতা সঞ্চয় করতে চান।

সর্বশেষ সর্বাধিক পঠিত