বাংলাদেশে এসে কনসার্ট শেষে বর্তমানে ঢাকার বিভিন্ন দর্শনীয় স্থান দেখার পাাশাপাশি ঐতিহ্যবাহী খাবার চেখে দেখছেন রোমানিয়ান পপতারকা ওটিলিয়া ব্রুমো। সেই সঙ্গে ঢাকাই শাড়ির প্রেমেও মজেছেন এই তারককা। আগামীকাল শনিবার (২৯ নভেম্বর) সকালে ঢাকা ছাড়ছেন তিনি। ওটিলিয়া দেশের থাকা অবস্থাতেই আরেক চমকের আভাস দিল আয়োজন ই-মেকার্স বাংলাদেশ। এবার বিশ্বখ্যাত কলম্বিয়ান পপতারকা শাকিরাকে বাংলাদেশে আনার পরিকল্পনার কথা জানান তারা। আয়োজকের ঘোষণা অনুযায়ী, ২০২৭ সালের এপ্রিলে বাংলাদেশে শাকিরার কনসার্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। রাজধানীর আর্মি স্টেডিয়ামে হতে পারে এই আন্তর্জাতিক সংগীত আয়োজন।
শুক্রবার (২৭ নভেম্বর) রাতে রাজধানীর মাদানি এভিনিউয়ে ওটিলিয়ার কনসার্ট শেষে এ পরিকল্পনার কথা জানান এর কর্ণধার নাঈম আশরাফ। তার এই ঘোষণার পর থেকেই ঢাকায় শাকিরার পরিবেশনা দেখার সম্ভাবনা নিয়ে সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।ঢাকায় শাকিরার কনসার্ট আয়োজনের পরিকল্পনা বাস্তবায়িত হলে তা বাংলাদেশের সংগীতাঙ্গনে অন্যতম বড় আন্তর্জাতিক আয়োজন হয়ে উঠতে পারে। তবে এখন পর্যন্ত কনসার্টের নির্দিষ্ট তারিখ, টিকিটের মূল্য, বিক্রির সময়সূচি কিংবা অন্যান্য বিস্তারিত তথ্য প্রকাশ করেনি আয়োজক প্রতিষ্ঠান। বাংলাদেশে আসার বিষয়ে শাকিরার পক্ষ থেকেও এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে আপাতত বিষয়টিকে আয়োজক প্রতিষ্ঠানের সম্ভাব্য কনসার্ট পরিকল্পনা হিসেবেই দেখা হচ্ছে।