চট্টগ্রাম নগরের ফয়’স লেক এলাকায় ‘রয়েল পার্ক’ নামের একটি আবাসিক হোটেল থেকে এক নারী ও পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১ জুন) বেলা ১১টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
মরদেহ দুটি নগরের কোতোয়ালি এলাকার মোহাম্মদ রিপন (৪৭) এবং তার স্ত্রী সোনিয়া আক্তারের (৩০)। তাদের মধ্যে রিপনের মরদেহ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। এর পাশের খাটে শোয়ানো অবস্থায় পড়ে ছিল স্ত্রী সোনিয়ার মরদেহ।
পুলিশ জানায়, রবিবার বিকালে হোটেলের চারতলার ৪০৯ নম্বর কক্ষে ওঠেন ওই দম্পতি। রবিবার রাত নয়টার দিকেও হোটেলের এক কর্মী ওই কক্ষে পানি পৌঁছে দিতে গিয়েছিলেন। ওই সময় ওই দম্পতি তাকে বলেন, সকাল সাতটায় যাতে তাদের ঘুম থেকে ডেকে দেওয়া হয়।
এরপর আজ (সোমবার) সকালে তাদের ঘুম থেকে ডাকতে গিয়ে হোটেলের ওই কর্মী দেখতে পান কক্ষের দরজা খোলা। ভেতরে একজনের মরদেহ ফ্যানে ঝুলছে এবং অন্যজনের মরদেহ খাটে শোয়ানো অবস্থায় পড়ে রয়েছে। খাটে পড়ে থাকা সোনিয়ার মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল।
পুলিশ জানিয়েছে, রিপন ও সোনিয়া দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। বিষয়টি নিয়ে দুজনেই পারিবারিক নানা সমস্যায় ছিলেন। প্রাথমিকভাবেসংগৃহীত ধারণা করা হচ্ছে, দুজন আত্মহত্যা করেছেন। তবে দরজা খোলা থাকায় বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে নগরের আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আলামত সংগ্রহ করেছে। হোটেলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তবে ওই ফ্লোরে (চারতলায়) কোনো সিসিটিভি নেই। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।