কাটা গাছের গোড়ায় লুকানো বিদেশি পিস্তল উদ্ধার

আপডেট : ২৪ জুলাই ২০২৬, ০১:৪৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কাটা গাছের গোড়ার গর্তে লুকিয়ে রাখা একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

শুক্রবার (২৪ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত আনুমানিক ৮টা ২৫ মিনিটে র‍্যাব-৯-এর সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল নবীনগর উপজেলার কুলাসিন এলাকায় অভিযান চালায়। এ সময় একটি কাটা গাছের গোড়ার গর্তে খাকি কাগজ ও পলিথিনে মোড়ানো অবস্থায় একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, অভিযানের সময় ঘটনাস্থলে অস্ত্রের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। অস্ত্রটি সেখানে কারা লুকিয়ে রেখেছিল এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

র‍্যাব-৯, সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরনবী বলেন, উদ্ধার করা অস্ত্রটি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে নবীনগর থানায় হস্তান্তর করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত