ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে উদ্বিগ্ন আইসিসি

বিশ্বজুড়ে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা একের পর এক ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। রবিবার আহমেদাবাদে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় বিষয়টি অন্যতম প্রধান আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। বিশ্ব ক্রিকেটের ঠাসা সূচি এবং আন্তর্জাতিক ক্রিকেটের ওপর এর নেতিবাচক প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সদস্য দেশের প্রতিনিধিরা।

গত এক দশকে বিশ্বের বিভিন্ন মহাদেশে ফ্র্যাঞ্চাইজি লিগের সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। এই লিগগুলো ক্রিকেটের আর্থিক মানচিত্র বদলে দিয়েছে এবং খেলোয়াড়দের সামনে জাতীয় দলের বাইরেও বিপুল অর্থ উপার্জনের পথ তৈরি করেছে। তবে এর ফলে ক্রিকেটের প্রচার ও প্রসার বাড়লেও তৈরি হয়েছে চরম সূচি বিপর্যয়। একই সময়ে একাধিক লিগ অনুষ্ঠিত হওয়ায় খেলোয়াড়দের ওপর যেমন চাপ বাড়ছে, তেমনি আন্তর্জাতিক ক্রিকেটের গুরুত্বও প্রশ্নবিদ্ধ হচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্তর্জাতিক ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে একটি সুস্থ ভারসাম্য বজায় রাখার প্রয়োজনীয়তা অনুভব করেছে আইসিসি। আর এ কারণেই বোর্ড সভায় একটি ডেডিকেটেড বা বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কমিটি খতিয়ে দেখবে কীভাবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে আন্তর্জাতিক ক্যালেন্ডারের সাথে আরও সুসামঞ্জস্যপূর্ণ করা যায়। বিদ্যমান ক্রিকেট কাঠামোর মধ্যে থেকে দ্বিপাক্ষিক সিরিজ, আইসিসি ইভেন্ট এবং ক্রমবর্ধমান লিগগুলোর মধ্যে একটি সমন্বয় সাধন করা।

বর্তমানে বিশ্ব ক্রিকেটের বোর্ডগুলো খেলোয়াড়দের অতিরিক্ত কাজের চাপ একই সময়ে একাধিক টুর্নামেন্টের আয়োজন এবং ফ্র্যাঞ্চাইজি লিগের বাণিজ্যিক জোয়ারের মুখে আন্তর্জাতিক ক্রিকেটের প্রাসঙ্গিকতা টিকিয়ে রাখার মতো কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে।

আইপিএলের পাশাপাশি সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোতে নতুন নতুন লিগ শুরু হওয়ায় এই সমস্যা আরও প্রকট আকার ধারণ করেছে।