উদ্ধার অভিযান চলছে

বাগেরহাটে মাজারের সিঁড়ি থেকে শিশুকে টেনে নিয়ে গেছে কুমির

বাগেরহাটে এক শিশুকে কুমির টেনে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। জানা গেছে বাগেরহাটে হযরত খান জাহান আলী (র.) মাজারের দীঘির সিঁড়ি থেকে ফাতেমা (৭) নামের শিশুকে কুমির কামড় দিয়ে টেনে নিয়ে যায়। 

স্থানীয়রা জানায়, সোমবার (১ জুন) রাত ৮টার দিকে গোসল করতে নামার সময় ওই শিশুকে কুমির কামড় দিয়ে পানির গভীরে টেনে নিয়ে যায়। শিশু ফাতেমা মাজার প্রাঙ্গণে বসবাসকারী এক মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান। সে মায়ের সাথেই মাজার এলাকায় থাকত। 

সোমবার (১ জুন) রাতে শিশুটি দীঘির ঘাটে নামলে হঠাৎ একটি কুমির তাকে কামড়ে ধরে পানির গভীরে টেনে নিয়ে যেতে শুরু করে। এ সময় ফাতেমার চিৎকার শুনে মাজারে থাকা স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে আসেন এবং নৌকা নিয়ে দীঘিতে নেমে তাকে উদ্ধারের আপ্রাণ চেষ্টা চালান।  

জানা গেছে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দল স্থানীয় জনগণের সহায়তায় দীঘিতে নিবিড় উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। তবে পর্যন্ত শিশুটির কোনো সন্ধান মেলেনি।