একাই গড়লেন ১৩৬০ একর বনভূমি

ভারতের আসাম রাজ্যের আদিবাসী যাদব মোলাই পায়েং একটি একটি করে গাছ লাগিয়ে গড়ে তুলেছেন ১৩৬০ একর আয়তনের এক বিশাল বনভূমি। মানবসৃষ্ট এমন বিশাল আকৃতির বনভূমির নজির আর নেই। মানুষের মুখে মুখে এ বনের নাম হয়েছে ‘মোলাইয়ের বন’।

আসাম রাজ্যের মিছিং আদিবাসী গোত্রের যাদব মোলাই পায়েং পড়াশোনার জন্য জন্মস্থান থেকে ১০ বছর দূরে ছিলেন। দশম শ্রেণির পরীক্ষা শেষে তিনি যখন তার জন্মস্থান অরুণা সাপোলিতে ফিরে এলেন, তখন তিনি তার সবুজ পাখপাখালিতে ভরা জন্মস্থানের পরিবর্তে দেখলেন নদীতে বিলীন হয়ে যাওয়া ভূমি। যাদব চিরদিনের জন্য হারান তার প্রিয় জন্মস্থান। তার স্থান হয় অরুণা সাপোলি থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে মাজুলি গ্রামে। এক বৃদ্ধের পরামর্শে যাদব বৃক্ষরোপণ শুরু করেন। ১৯৭৯ সালে এই বনভূমির কাজ শুরু করেছিলেন তিনি। তিনি বাঁশ, বহেরা, সেগুন, গামারি, কাস্টার্ড আপেল, তারা ফল, গুলমোহর, ডেভিল’স ট্রি, তেঁতুল, তুঁত, কাঁঠাল, কুল, জাম, কলা, এলিফ্যান্ট গ্রাসসহ বিভিন্ন জাতের অসংখ্য গাছ লাগিয়েছিলেন। আর চার দশক পরে তাতেই সৃষ্টি হয় ‘মোলাইয়ের বন’। তার এই অতুল কীর্তির জন্য ২০১৫ সালে ভারত সরকার তাকে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রীতে ভূষিত করে।