নেত্রকোনায় নৌকা ডুবে শিশুসহ দুইজনের মৃত্যু

নেত্রকোনার পূর্বধলায় চিকনি বিলে ডিঙ্গি নৌকা ডুবে নুসরাত (৮) ও জামিলা আক্তার (৩০) নামে দুইজনের মৃত্যু। সোমবার (১ জুন) বিকেলে উপজেলার বিশকাকূনী ইউনিয়নের বিষম্ভপুর এলাকার চিকনি বিলে এ দুর্ঘটনা ঘটে।

দুইজন হলেন-ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কলোহরি গ্রামের মনসুর আলীর স্ত্রী জমিলা আক্তার (৩০) এবং গৌরীপুর উপজেলার হাসনপুর গ্রামের আবু তাহেরের মেয়ে নুসরাত (৮)। তারা সম্পর্কে আত্মীয় এবং পূর্বধলার বিষম্ভপুর গ্রামে বেড়াতে এসেছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহের তারাকান্দা ও গৌরীপুর থেকে পূর্বধলার বিষম্ভপুর গ্রামের বাসিন্দা একিন আলীর বাড়িতে বেড়াতে আসেন আত্মীয়রা। বিকেলে ৫ থেকে ৬ জন মিলে স্থানীয় চিকনি বিলে একটি ছোট কাঠের নৌকায় করে ভ্রমণে বের হন। কিন্তু ছোট নৌকাটিতে অতিরিক্ত যাত্রী ওঠার কারণে বিলের মাঝখানে গিয়ে হঠাৎ উল্টে যায় এবং সবাই পানিতে তলিয়ে যান। 

এরমধ্যে কয়েকজন সাঁতরে পাড়ে উঠে। এর মধ্যে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তিনজনকে উদ্ধার করে দপূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জমিলা আক্তার ও নুসরাতকে মৃত ঘোষণা করেন। এছাড়াও এই ঘটনায় মিম (১২) নামের আরও এক কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়‌।

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নৌকাডুবির খবর পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। মরদেহ হাসপাতালে রয়েছে, এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানান তিনি।