পূর্বধলায় যুবদল নেতাকে কুপিয়ে জখম, সাবেক এমপির চার বাড়িতে আগুন

যুবদল নেতার ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়।

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৫:০৭ এএম

নেত্রকোনার পূর্বধলায় এক যুবদল নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আহমদ হোসেনের গ্রামের বাড়িসহ অন্তত ছয়-সাতটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।

শনিবার রাত ৮টা থেকে ১১টার মধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় দফায় দফায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর আগে হামলার অভিযোগ ওঠা এক যুবলীগ নেতার বাড়িতেও আগুন দেওয়া হয়। এসব ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে বড়রূহী গ্রামের বাসিন্দা ও যুবলীগ নেতা রফিকুল ইসলামের নেতৃত্বে একদল ব্যক্তি পুটিকা বাজার এলাকায় যুবদল নেতা আবু বকর রানার ওপর হামলা চালান। ওই সময় রানাকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়।

যুবদল নেতার ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। এর কিছুক্ষণের মধ্যেই বিক্ষুব্ধ লোকজন বড়রূহী গ্রামে অভিযুক্ত যুবলীগ নেতা রফিকুল ইসলামের বাড়িতে আগুন ধরিয়ে দেন।

এর প্রায় আধা ঘণ্টা পর উপজেলার বিশকাকুনি গ্রামে বর্তমানে কারাবন্দী আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য আহমদ হোসেনের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। স্থানীয় সূত্রের দাবি, এ ঘটনায় বাড়িটির অন্তত পাঁচটি ঘর পুড়ে গেছে।

এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত আমানুর রশীদ খান জুয়েলের বাড়িসহ আরও অন্তত দুটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। তবে এসব ঘটনায় মোট ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আহমদ হোসেনের ভাতিজা মিজানুর রহমান মোবাইল ফোনে অভিযোগ করেন, বিএনপি ও দলটির সহযোগী সংগঠনের একদল নেতা-কর্মী অতর্কিতে তাদের বাড়িতে এসে আগুন ধরিয়ে দেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, রাত ৮টার দিকে নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা মিছিলের উদ্দেশ্যে জড়ো হওয়ার চেষ্টা করছিলেন। পুলিশের টহল দেখে পুটিকা বাজার এলাকা দিয়ে পালানোর সময় তারা যুবদল নেতা রানাকে একা পেয়ে কুপিয়ে জখম করেন।

ওসি আরও বলেন, এ ঘটনার জেরে উত্তেজিত জনতা রফিকুল ইসলাম নামের ওই যুবলীগ নেতার বাড়িতে আগুন দিয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। এর কিছুক্ষণ পর সাবেক সংসদ সদস্য আহমদ হোসেনের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এতে পাঁচ থেকে ছয়টি ঘর পুড়ে গেছে।

পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদার বলেন, তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন এবং ঘটনার বিষয়ে অবগত হয়েছেন। অগ্নিসংযোগে কারা জড়িত, তা তিনি জানেন না। দলের নেতা-কর্মীদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত