ন্যাচার ইনডেক্স-এর সর্বশেষ র্যাংকিংয়ে (ফেব্রুয়ারি ২০২৫ থেকে জানুয়ারি ২০২৬) রসায়ন বিষয়ে বাংলাদেশে প্রথম স্থান অর্জন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রসায়ন বিভাগ। এ অর্জনে বিভাগের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
মঙ্গলবার (২ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাকৃতিক বিজ্ঞান ও স্বাস্থ্যবিজ্ঞান বিষয়ে ১৪৫টি আন্তর্জাতিক মানসম্পন্ন জার্নালে প্রকাশিত গবেষণার ভিত্তিতে নেচার ইনডেক্স এই সূচক প্রকাশ করে—যা বৈশ্বিক গবেষণার মান নির্ণয়ে অন্যতম স্বীকৃত মানদণ্ড।
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এক অভিনন্দন বার্তায় বলেন, রসায়ন বিভাগের শিক্ষক ও গবেষকদের নিরলস প্রচেষ্টা এবং আন্তর্জাতিক মানের গবেষণা কার্যক্রমের স্বীকৃতি হিসেবে নেচার ইনডেক্সে এই অর্জনে বিশ্ববিদ্যালয় প্রশাসন আনন্দিত।
তিনি রসায়ন বিভাগের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বিভাগের অব্যাহত সাফল্য কামনা করেন।
এছাড়া একই সূচকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিষয়ে বাংলাদেশের মধ্যে ১৬তম, ভূ ও পরিবেশবিজ্ঞান বিষয়ে ১১তম এবং স্বাস্থ্যবিজ্ঞান বিষয়ে ১৮তম অবস্থান রয়েছে।