চট্টগ্রাম নগরে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২৮ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাতে নগরের চার থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের উপ-কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতরা গত সোমবার মিছিলে অংশ নিয়েছিল। ভিডিও ফুটেজ দেখে তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারদের মধ্যে খুলশী থানা এলাকা থেকে ১৩ জন, পাঁচলাইশ থানা এলাকা থেকে ৯ জন, বায়েজিদ থানা এলাকা থেকে ৪ জন এবং ৩ জনকে চান্দগাঁও থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে গত সোমবার নগরীর জিইসি মোড় সেন্ট্রাল প্লাজা এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের একটি মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওইদিন ওমর গণি এমইএস কলেজ শাখা ছাত্রলীগের ব্যানারে মিছিলটি বের করা হয়। নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়ের বিপরীতে সানমার টাওয়ার ওয়ান ভবনের সামনের সড়ক থেকে শুরু হয়ে মিছিলটি জিইসি মোড় অভিমুখে অগ্রসর হয়। ওই মিছিলে শতাধিক নেতাকর্মী অংশ নেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।