মাদারীপুরের কালকিনি উপজেলার পাঙ্গাসিয়া এলাকায় মায়ের সঙ্গে অভিমান করে ইয়াছিন লিখন প্যাদা (১৯) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২ জুন) সকাল ১০টার দিকে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার এ ঘটনা ঘটে।
নিহত ইয়াছিন লিখন প্যাদা উপজেলার পাঙ্গাসিয়া তালুকদার বাড়ি এলাকার বাসিন্দা। তার বাবা বাবুল প্যাদা বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের উত্তর বায়োরগাতি গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পারিবারিক কলহের জেরে বাবা-মায়ের বিচ্ছেদের পর দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে তিনি নানার বাড়িতে বসবাস করে আসছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে ইয়াছিন ঢাকার কামরাঙ্গীরচরে একটি চামচ তৈরির কারখানায় কাজ করতেন। ঈদ উপলক্ষে কয়েকদিন আগে তিনি গ্রামের বাড়িতে আসেন। মঙ্গলবার সকালে বন্ধক রাখা নিজের মোবাইল ফোন ছাড়িয়ে আনতে মায়ের কাছে দুই হাজার টাকা চান। তবে তাৎক্ষণিকভাবে টাকা দিতে না পারায় মা-ছেলের মধ্যে কথাকাটাকাটি ও মনোমালিন্য হয়।
একপর্যায়ে অভিমান করে ইয়াছিন নিজ ঘরে গিয়ে গলায় ফাঁস দেন বলে পরিবারের সদস্যরা জানান। পরে স্বজনরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন মা। সন্তানের নিথর দেহের পাশে তার আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। স্থানীয়রা জানান, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন নানা কষ্ট সহ্য করে ছেলেকে মানুষ করার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু সেই সন্তানের এমন মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ।
এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, আমরা লাশটি উদ্ধার করেছি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।