চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য এনামুল হক এনাম এমপি বলেছেন, দেশের উন্নয়ন ও গণতন্ত্রের সংগ্রামে মুক্তিযোদ্ধাদের অবদান অবিস্মরণীয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রনায়ক নন, তিনি ছিলেন স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক।তার আদর্শ আজও দেশপ্রেমিক জনগণকে অনুপ্রাণিত করে।
তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে না। কারণ স্বাধীনতার ইতিহাস, দেশের সার্বভৌমত্ব এবং জাতীয় চেতনার সঙ্গে মুক্তিযোদ্ধারা অবিচ্ছেদ্যভাবে জড়িত।
মঙ্গলবার (২ জুন) বিকালে পটিয়া উপজেলা অডিটোরিয়ামে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পটিয়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এমপি বলেন, যারা দেশের স্বাধীনতার জন্য জীবন বাজি রেখেছিলেন, তাদের সম্মান ও মর্যাদা নিশ্চিত করেই আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে। শহীদ জিয়ার আদর্শ ছিল আত্মনির্ভরশীল, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বীর মুক্তিযোদ্ধা আ জ ম সাদেকের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল বৃহত্তর চট্টগ্রামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল বৃহত্তর চট্টগ্রামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফজল বারীক, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, পটিয়া পৌরসভা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগর, সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম, বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ, গোলাম কিবরিয়া ও আবুল ফয়েজ।
বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম ও গণতান্ত্রিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। একই সঙ্গে মুক্তিযোদ্ধাদের সম্মান, অধিকার ও অবদান যথাযথভাবে মূল্যায়নের মাধ্যমে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা,সাংবাদিক, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।