হালিশহরে ৯ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধ আটক

চট্টগ্রামের হালিশহর এলাকায় ৯ বছরের এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগে মো. হোসেন (৭০) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জুন) বিকেল ৫টার দিকে হালিশহর বি ব্লকের হালিশহর পাবলিক স্কুল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত বৃদ্ধ এলাকার একটি বেকারির দোকানে শিশুটির শরীরের বিভিন্ন স্থানে হাত দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। পরে শিশুটি বাসায় গিয়ে বিষয়টি তার মাকে জানায়। অভিযোগের সত্যতা যাচাই করতে শিশুটিকে নিয়ে তার মা পুনরায় ওই বেকারিতে গেলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। একপর্যায়ে এলাকাবাসী অভিযুক্ত বৃদ্ধকে আটক করে রাখেন।

ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হালিশহর থানা পুলিশ ও রিজার্ভ ফোর্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেন।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. সুলতান আহসান উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, “খবর পেয়ে আমাদের ফোর্স এবং অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে পাঠানো হয়। পরে অভিযুক্তকে হেফাজতে নিয়ে আসা হয়েছে। বর্তমানে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।” তিনি আরও বলেন, শিশুটিকে ব্যাড টাচ করেছে বলে আমরা জানতে পারি।

হালিশহর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহীন আহমেদ কবীর দেশ রূপান্তরকে বলেন, “এলাকায় খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি বিপুলসংখ্যক সাধারণ মানুষ ওই বৃদ্ধকে আটকে রেখেছেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আমরা চাই, এমন ঘৃণ্য ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।” এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বর্তমানে পরিস্থিতি থমথমে রয়েছে