মুন্সীগঞ্জে অটোচালকের ঘুষিতে যাত্রীর মৃত্যু

মুন্সীগঞ্জের শ্রীনগরে ভাড়া নিয়ে বাকবিতণ্ডার পর অটো চালকের ঘুষিতে আবুল কালাম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ জুন)দুপুর আড়াইটার দিকে জেলার শ্রীনগর উপজেলার হাসাড়া বাজার রোড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম হাসাড়া আনসার ক্লাব এলাকার মৃত শুক্কুর শেখের ছেলে।

এ ঘটনায় পুলিশ অটোচালক জামাল শেখকে গ্রেপ্তার করেছে। জামাল শেখ উপজেলার লস্করপুর গ্রামের আব্দুল বারেকের ছেলে।

নিহতের পরিবার জানায়,  আবুল কালাম দুপুরে শ্বশুরবাড়ি থেকে দাওয়াত খেয়ে চালতি পাড়া থেকে অটো যোগে হাসারা বাজার আসে। এ সময় অটোচালক জামালের সাথে ভাড়া নিয়ে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে জামাল শেখের এলোপাথারি ঘুষিতে আবুল কালাম রাস্তার উপর লুটিয়ে পড়ে।

তাৎক্ষণিক স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় আবুল কালামকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয় জনগণ জামাল শেখকে আটক করে শ্রীনগর থানা পুলিশের কাছে তুলে দেয়।

এ ব্যাপারে শ্রীনগর থানার ওসি তদন্ত মিল্টন দত্ত  জানান, আবুল কালামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত জামাল শেখকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি  চলছে।