নান্দাইলে ১৯ লাখ টাকা মূল্যের কারেন্ট জাল ধ্বংস

ময়মনসিংহের নান্দাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ১৯ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ ছাড়া দুই ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২ জুন) দুপুরে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা জান্নাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

এ সময় উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা শাহনা নাজনীন এবং সহকারী মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।

প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা জান্নাতের নেতৃত্বে নান্দাইল চৌরাস্তা এলাকায় অবস্থিত দুটি গুদামে অভিযান চালানো হয়। এ সময় মাছ ধরার নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করা হয়। জালগুলো মজুদ ও বিক্রির অভিযোগ স্বীকার করায় গুদামের মালিক মোশাররফ হোসেন ও ইমরান নামে দুই ব্যবসায়ীকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এদিকে একই এলাকায় রতন মিয়া নামে এক ব্যবসায়ীর দোকানে নিষিদ্ধ জাল বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করে রাখার অভিযোগে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক জানান, অভিযানে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের চায়না দুয়ারি জাল এবং ৪ লাখ টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা জান্নাত বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’