কৃষিঋণে অগ্রাধিকার পাবে হাওরে ক্ষতিগ্রস্তরা

অতি বৃষ্টির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে হাওরাঞ্চলে পাকা ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকের জন্য অগ্রাধিকার ভিত্তিতে ঋণ সহায়তার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নির্দেশনায় সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোণা ও ময়মনসিংহের হাওরাঞ্চলের পাশাপাশি দেশের অন্যান্য জেলার প্রান্তিক ও ভূমিহীন কৃষকদের ঋণ প্রদানে অগ্রাধিকার দিতে বলা হয়েছে।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের তফসিলি ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে ১০, ৫০, ১০০ টাকার হিসাবধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষক, নিম্ন আয়ের পেশাজীবী, স্কুল ব্যাংকিং হিসাবধারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য গঠিত পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় নতুন এ নির্দেশনা কার্যকর করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রস্তাবিত ‘কৃষক স্মার্ট কার্ড নীতিমালা-২০২৫’ অনুযায়ী কৃষক স্মার্ট কার্ডধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষকদের ১০ টাকার হিসাব খোলা এবং তাদের ঋণ বিতরণের ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দিতে হবে।

তবে এ সুবিধা দেওয়ার ক্ষেত্রে কার্ডবিহীন প্রান্তিক ও ভূমিহীন কৃষকরা যেন কোনোভাবে বঞ্চিত না হন, সে বিষয়েও ব্যাংকগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।

উল্লেখ্য, গ্রামীণ অর্থনীতি সচল রাখা এবং আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কয়েক বছর আগে ১০, ৫০ ও ১০০ টাকার বিশেষ ব্যাংক হিসাবধারীদের জন্য পুনঃঅর্থায়ন স্কিম চালু করে।

এ স্কিমের মাধ্যমে প্রান্তিক কৃষক, নিম্ন আয়ের মানুষ, শিক্ষার্থী এবং ক্ষুদ্র উদ্যোক্তারা সহজ শর্তে ঋণ সুবিধা পেয়ে থাকেন।

কৃষকের জন্য স্মার্ট কার্ড চালুর বিষয়ে সংশ্লিষ্টরা মনে করছেন, এর ফলে কৃষকের সহজে ঋণপ্রাপ্তি নিশ্চিত হবে এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষি খাত দ্রুত ঘুরে দাঁড়াতে সহায়তা পাবে। বাংলাদেশ ব্যাংক এ নির্দেশনা দ্রুত কার্যকরের নির্দেশ দিয়েছে।