ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ঢাকা-১১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে এম রহমতুল্লাহ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২ জুন) রাত ৩টা ৪৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে প্রবীণ এই রাজনৈতিক নেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
লিয়াকত সিকদার জানান, মরহুমের জানাজার নামাজ বুধবার (৩ জুন) বাদ আসর ঢাকার বেরাইদে অনুষ্ঠিত হবে। সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে তাকে দাফন করা হবে।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা এ কে এম রহমতুল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। তার এই প্রয়াণে রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।