বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান গভর্নরের

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০৫:৫৩ পিএম

বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। একই সঙ্গে বাণিজ্য ভারসাম্য উন্নয়নে চীনকে বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানির আহ্বান জানান তিনি। পাশাপাশি বাংলাদেশের প্রযুক্তি ও শিল্প খাতে চীনের বিনিয়োগ বাড়ানোরও আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এসব বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে দুই দেশের দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন তারা। এ সময় বাণিজ্য ভারসাম্য উন্নয়নের লক্ষ্যে চীনকে বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়ানোর আহ্বান জানান গভর্নর।
বৈঠকে দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও আধুনিক ও সহজ করতে বাংলা কিউআর বাস্তবায়নে চীনের একক কিউআর ব্যবস্থার অভিজ্ঞতা ও কারিগরি সহায়তা কামনা করেন গভর্নর।

চীনের রাষ্ট্রদূত বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আরও সহজ করার ওপর গুরুত্বারোপ করেন। জবাবে গভর্নর জানান, বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশ ব্যাংক এরই মধ্যে বিনিয়োগবান্ধব বিভিন্ন নীতিগত উদ্যোগ নিয়েছে। এর ফলে বিদেশি বিনিয়োগকারীরা সহজেই তাদের বিনিয়োগকৃত অর্থ ও মুনাফা নিজ দেশে ফেরত নিতে পারবেন।

এ সময় বাংলাদেশের প্রযুক্তিনির্ভর ও শিল্প খাতে চীনের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর।

সাক্ষাৎকালে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে দেশটির কাউন্সেলর সং ইয়াং ও অ্যাটাশে ওয়েন চিনহুয়া উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের পক্ষে গভর্নরের সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান ও ডেপুটি গভর্নর মো. সরোয়ার হোসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত