গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত 

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় শ্বশুরবাড়িতে আম গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিকুল ইসলাম (২৬) নামের এক যুবক মারা গেছেন।

গতকাল মঙ্গলবার (২ জুন) সন্ধ্যার দিকে উপজেলার রামজীবন ইউনিয়নের পশ্চিম রামজীবন গ্রামের খংগুয়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত শফিকুল ইসলামের বাড়ি সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের মধ্য ভাঙ্গা মোড় গ্রামে। তিনি ওই গ্রামের রশিদুল ইসলামের ছেলে। তিনি সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের পশ্চিম রামজীবন গ্রামের খংগুয়া ব্রিজ এলাকার মানিক মিয়ার জামাতা।

পুলিশ ও স্থানীয়রা জানায় ঈদের দাওয়াত খেতে গত দুইদিন আগে শফিকুল ইসলাম তার শ্বশুর বাড়ি সুন্দরগঞ্জে যান। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে শ্বশুর বাড়ির পাশের একটি আমগাছে আম পাড়তে ওঠেন। এ সময় গাছের পাশ দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারে জড়িয়ে যান। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ।  তিনি বলেন, এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।