মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে নিজ বাড়ির আঙিনায় গাছের ডালে ঝুলন্ত অবস্থায় মো. মানিক খান (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩ জুন) সকালে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের রাউতভোগ গ্রামের বাড়ি থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে। সে ওই গ্রামের প্রয়াত আবু তাহের খানের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, গতকাল মঙ্গলবার রাতে নিজ বাড়ির বসতঘরের একই কক্ষে চাচা মো. বিপ্লব খানের সঙ্গে ঘুমিয়ে ছিলেন যুবক মানিক। পরে আজ বুধবার ভোরে পরিবারের সদস্যরা বাড়ির আঙিনায় গাছের ডালে গলায় ফাঁস দেওয়া অবস্থায় যুবককে দেখতে পান তারা।
পরিবারের লোকজন আরো জানান, এক বছর আগে মানিক সড়কে মোটর সাইকেল দুর্ঘটনায় আহত হওয়ার পর থেকে মানসিক সমস্যায় ভুগছে।
টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমেদ জানান, পরিবারের সদস্যদের কাছ থেকে খবর পেয়ে আজ সকাল ৮টার দিকে বাড়ির একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে-যুবক আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।