নাটোরের বাগাতিপাড়া পৌরসভা এলাকায় চারটি গুরুত্বপূর্ণ রাস্তার সংস্কার কাজ দুই বছর পার হলেও অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন পৌরবাসী। রাস্তা সংস্কারের নামে খোয়া ও বালু ফেলে কাজ শুরু করা হলেও এরপর আর দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। ফলে ধুলাবালি, কাদা ও ভাঙাচোরা রাস্তার কারণে প্রতিদিন দুর্বিষহ যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। এদিকে দীর্ঘদিনেও কাজ শেষ না হওয়ায় সংশ্লিষ্ট প্রশাসনের দায়িত্বহীনতা ও সমন্বয়হীনতাকেই দায়ী করছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, বারবার আশ্বাস মিললেও বাস্তবে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। দ্রুত জনদুর্ভোগ লাঘবে রাস্তাগুলোর সংস্কার কাজ সম্পন্ন করার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ২০২৪ সালে মে মাসে এসব রাস্তার সংস্কার কাজ শুরু করেছিলেন ঠিকাদার। সেসময় চলাচলের অনুপযোগী সড়কগুলোর পিচ তুলে খোয়া বিছানো হয়। গত ২০২৪ সালের সেপ্টেম্বরে সংস্কার কাজগুলো শেষ হওয়ার কথা ছিল। কিন্তু কাজ শেষ করার মেয়াদ হতে দেড় বছর পার হয়ে গেলেও ওই একই অবস্থায় পড়ে রয়েছে রাস্তার কাজ। কাজ শেষ করতে ঠিকাদারকে অনুরোধের পর নোটিশ দেওয়া হলেও তা কাজে আসেনি। বরং ওই কাজগুলো শেষ করার আগেই অতিরিক্ত অর্থ উত্তোলন নিয়ে নতুন জটিলতা সৃষ্টিই প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পৌরসভার প্রকৌশল বিভাগ জানিয়েছে, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বারইপাড়া সড়কের ৫৭৫ মিটার, ৯ নম্বর ওয়ার্ডের মাছিমপুর সড়কের ১০৫ মিটার, ৬ নম্বর ওয়ার্ডের লক্ষণহাটি সড়কের ৮৩ মিটার এবং ৫ নম্বর ওয়ার্ডের সোনাপাতিল সড়কের ৬২ মিটার জীর্ণ সড়ক সংস্কারের উদ্যোগ নেয় পৌরসভা। ৮২ লাখ টাকা ব্যয় বরাদ্দে চারটি সড়কের ৮২৫ মিটার সংস্কারের কাজটি পায় মেসার্স ভাই ভাই ট্রেডাস্ নামের বাগাতিপাড়ার স্থানীয় একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
সরেজমিনে গিয়ে দেখা যায়, দীর্ঘদিন ধরে সংস্কার কাজ বন্ধ থাকায় সড়কগুলোর বিভিন্ন স্থানে ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। অধিকাংশ অংশে আগাছা ও ঘাস জন্মে রাস্তার অস্তিত্বই প্রায় ঢেকে গেছে। কোথাও কোথাও উঠে এসেছে ইটের খোয়া, যা চলাচলকারীদের জন্য যেন একেকটি মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টিতেই অনেক স্থানে হাঁটুসমান পানি জমে থাকায় চরম দুর্ভোগে পড়ছেন পথচারী, শিক্ষার্থী ও যানবাহনের চালকেরা। দীর্ঘদিনের অবহেলা ও অর্ধসমাপ্ত কাজের কারণে গুরুত্বপূর্ণ এসব সড়ক এখন জনদুর্ভোগের প্রতীক হয়ে দাঁড়িয়েছে।
পৌরসভার সোনাপাতিল মহল্লার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা ও ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, প্রায় দুই বছর ধরে রাস্তাটির সংস্কার কাজ ফেলে রাখা হয়েছে। রাস্তাটির বিভিন্ন স্থানে বড় বড় ইটের খোয়া বের হয়ে থাকায় পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে যায়, ফলে চলাচল আরও ঝুঁকিপ‚র্ণ হয়ে ওঠে। বিশেষ করে অসুস্থ ব্যক্তি ও বয়স্ক মানুষদের চলাফেরায় মারাত্মক সমস্যা সৃষ্টি হয়। স্কুলগামী শিশুদেরও দুর্ভোগে পড়তে হচ্ছে, তাদের পোশাক-আশাক কাদা-পানিতে নোংরা হয়ে যায়। তাই জনদুর্ভোগ লাঘবে দ্রæত রাস্তাটির সংস্কার কাজ সম্পন্ন করার জোর দাবি জানাই।
পৌর সভার মাছিমপুর মহল্লার বাসিন্দা ও এলাকার সাবেক কাউন্সিলর আব্দুল গনি জানান, প্রায় ২ বছর পার হয়েগেছে এখনও রাস্তাটিতে কার্পেটিং সম্পূর্ণ হয়নি। শুধু খোয়া ফেলে রাখা হয়েছে। মাঝে মাঝে শুনি শুরু হবে কিন্তু এভাবেই দুই বছর পার হয়ে গেছে। যানবাহন ও পথচারীদের চলাচলে ভোগান্তিতে পোহাতে হচ্ছে তাই রাস্তাটি সংস্কার কাজ দ্রুত সম্পূর্ণ করা প্রয়োজন।
বাগাতিপাড়া পৌরসভার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী এ.এস.এম. শহিদুল ইসলাম জানান, চুক্তি অনুযায়ী সড়কগুলোর সংস্কারকাজ ২০২৪ সালের ২৭ অক্টোবরের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও ঠিকাদার দীর্ঘদিন কাজের প্রতি গুরুত্ব দেননি। তবে সম্প্রতি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করেছে বলে তিনি জানান। এদিকে, কাজগুলো কত দিনের বা কত মাসের মধ্যে সম্পন্ন হবে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হন নি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার দায়িত্ব প্রাপ্ত পৌর প্রশাসক দেবাশীষ বসাক বলেন, তিনি নতুন এসেছেন। বিষয়টি তিনি জানতেন না। বিষয়টি তিনি দেখবেন।