গোপালগঞ্জ আ.লীগের ১২০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

গোপালগঞ্জ সদর উপজেলায় আওয়ামী লীগের প্রায় ১২০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান করেছেন। 

আজ বুধবার (৩ জুন) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া ইউনিয়নের জাঙ্গাল বাজার এলাকায় গোপালগঞ্জ-২ আসনের সাংসদ ডাঃ কে. এম. বাবরের হাতে ফুল দিয়ে আওয়ামী লীগের প্রায় ১২০০ নেতা কর্মীকে সঙ্গে নিয়ে বিএনপিতে যোগদান করেছেন নিজড়া মধ্যপাড়া গ্রামের বাসিন্দা সদর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ছনোয়ার হোসেন মোল্লা।

এ সময় সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহিদুল ইসলাম লেলিন, ফজলুল কবির দ্বারা, পৌর বিএনপির সভাপতি শেখ হাচিবুর রহমান, বিএনপি নেতা এস এম জিয়াউল কবির বিপ্লব, সাজ্জাদ হোসেন হীরা, যুবদল নেতা রাজিব বিশ্বাস, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম,  ইমরুল মিয়াসহ বিএনপি  এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যোগদান অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অংশ নেন।

এসময় সংসদ সদস্য  ডা. কে. এম. বাবর বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিভিন্ন রাজনৈতিক দল থেকে অভিজ্ঞ ও জনপ্রিয় ব্যক্তিরা বিএনপিতে যোগদান করলে আমি তাদের স্বগত জানাই।

বিএনপিতে যোগদানকারী নবাগত একজন নেতা বলেন, এলাকার উন্নয়ন, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে তিনি বিএনপির রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিন বিএনপির আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে তারা সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।