রায়গঞ্জে ফুটবল খেলা নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবককে হত্যা

আপডেট : ২০ জুলাই ২০২৬, ০২:২১ এএম
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা গ্রামের মাঠে ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে মো. ইলিয়াস খান (২৬) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। 
 
রবিবার( ১৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এ হত্যার ঘটনাটি ঘটে। নিহত ইলিয়াস ওই গ্রামের আব্দুস সাত্তার খানের ছেলে।
 
স্থানীয়রা জানায়, এ দিন বিকালে স্থানীয় মাঠে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এ খেলাকে কেন্দ্র করে সিয়াম আহমেদের বাবা রাসেলের সঙ্গে নিহত ইলিয়াস খানের কথা-কাটাকাটি হয়। এরপর এক পর্যায়ে রাসেল ও তার কিশোর ছেলে সিয়াম আহমেদ উপর্যুপরি ছুরিকাঘাত করে ইলিয়াসকে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
 
এ বিষয়ে কালিঞ্জা এলাকার ইউপি সদস্য মো: জহুরুল ইসলাম বলেন, ইলিয়াসের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তিনিও ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।
 
এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত রাসেল ও সিয়াম আহমেদ পলাতক রয়েছে।
 
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মতায়েন রয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। 
×
সর্বশেষ সর্বাধিক পঠিত