মে মাসে রপ্তানি আয় কমেছে ৭.০৭ শতাংশ

এপ্রিল মাসে রপ্তানি আয়ে বড় প্রবৃদ্ধির দেখা মিললেও মে মাসে এসে হোঁচট খেয়েছে বাংলাদেশের পণ্য রপ্তানি। গত বছরের একই সময়ের তুলনায় সদ্য বিদায়ী মে মাসে রপ্তানি আয় কমেছে ৭ দশমিক শূন্য ৭ শতাংশ। গতকাল বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ইপিবির তথ্য বলছে, চলতি বছরের মে মাসে বিশ্ববাজারে মোট ৪ বিলিয়ন ডলার সমমূল্যের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। গত বছরের মে মাসে রপ্তানি আয়ের পরিমাণ ছিল ৪ দশমিক ৭৩ বিলিয়ন ডলার। তবে গত মে মাসের এই আয় আগের মাস এপ্রিলের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি।

এদিকে একক মাসের পাশাপাশি অর্থবছরের সামগ্রিক হিসাবেও রপ্তানি আয়ে নেতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই থেকে মে) আগের অর্থবছরের একই সময়ের তুলনায় পণ্য রপ্তানি কমেছে ২ দশমিক ৫৫ শতাংশ।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের গত ১১ মাসে বাংলাদেশের মোট পণ্য রপ্তানির পরিমাণ ছিল ৪৩ দশমিক ৮০ বিলিয়ন ডলার। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ৪৪ দশমিক ৯৫ বিলিয়ন ডলার।