আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু

মন্ত্রণালয়ের প্রতিবেদন প্রস্তুত

রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ ও হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন প্রস্তুত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত প্রতিবেদন আজ বৃহস্পতিবার জমা হবে। এরপর বিকেলে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন তদন্ত প্রতিবেদন নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। গতকাল বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান।

তিনি জানান, আদ্-দ্বীন মেডিকেল কলেজ ও হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রীর কাছে জমা দিয়েছে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর গঠিত তদন্ত কমিটি আজ তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা। এরপর বিকেল ৪টায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন।

এর আগে গত বুধবার ভোরে আদ্-দ্বীন হাসপাতালের দ্বিতীয় তলার পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে ছয় নবজাতকের মৃত্যু হয়। হাসপাতালের এসির গ্যাসলাইনে লিকেজ বা অন্য কোনো যান্ত্রিক ত্রুটির কারণে শ্বাসরোধে ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। ঘটনার পরপরই রমনা থানা পুলিশ ও স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতাল পরিদর্শন করেন। ঘটনার দিনই স্বাস্থ্য মন্ত্রণালয় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।

ওইদিন আদ্-দ্বীন হাসপাতালের পরিচালক অধ্যাপক নাহিদা ইয়াসমিন সাংবাদিকদের জানিয়েছিলেন, ওই এসি ওয়ার্ডটিতে ১১ জন মা ও ৬ নবজাতক ছিল। রাত ৩টার দিকে দুটি শিশু অসুস্থ বোধ করলে তাদের এনআইসিইউতে নেওয়া হয়। চিকিৎসকরা সুস্থ দেখার পর তাদের আবারও মায়ের কাছে ফেরত পাঠান। তবে সকাল ৬টার দিকে হঠাৎ মায়েরাই জানান যে শিশুদের অসুস্থ মনে হচ্ছে। তখন দ্রুত ছয়টি শিশুকেই এনআইসিইউতে নেওয়া হয়। এর মধ্যে দুটি শিশু নেওয়ার পথেই মারা যায় এবং বাকি চারজনকে ভেন্টিলেটর সাপোর্টে রেখেও বাঁচানো সম্ভব হয়নি।