রিট খারিজ, রবিবার বিসিবি নির্বাচন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের তফসিল ও ভোটার তালিকা চ্যালেঞ্জ করে করা রিট আবেদনটি খারিজ করে দিয়েছে উচ্চ আদালত। গতকাল বুধবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজের আদেশ দেন। এ আদেশের ফলে বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন আগামী রবিবার যথারীতি অনুষ্ঠিত হবে বলে জানান সংস্থাটির আইনজীবী মাহিন এম রহমান।

গত ৬ মে সাধারণ পরিষদ গঠন এবং পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৬ অনুষ্ঠানের লক্ষ্যে বিসিবির সাধারণ পরিষদে ‘কাউন্সিলর’-এর নাম মনোনয়নের জন্য বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি (জেলা প্রশাসক) বরাবর বিসিবির তরফে চিঠি পাঠানো হয়। এ চিঠি প্রত্যাহার,  ভোটার তালিকায় আবেদনকারীদের (রিট আবেদনকারী) নাম অন্তর্ভুক্তকরণ এবং নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে গত ১৮ মে রিট আবেদনটি করেন আরমানুল ইসলাম নয়নসহ ছয়জন আবেদনকারী। আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।