ময়মনসিংহের মুক্তাগাছা ও গফরগাঁও উপজেলায় পৃথক ঘটনায় বজ্রপাতে এক কলেজ শিক্ষকসহ দুইজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে মুক্তাগাছা উপজেলার বড়গ্রাম ইউনিয়নের রৌহারচর গ্রামে এবং সকাল সাড়ে ১০টার দিকে গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন পাঁচভাগ ইউনিয়নের মধ্য লামকাইন গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মুক্তাগাছা উপজেলার রৌহারচর গ্রামের বাসিন্দা খালেকুল আজাদ (৬০) এবং গফরগাঁও উপজেলার মধ্য লামকাইন গ্রামের সিয়াম খান (২৮)। খালেকুল আজাদ স্থানীয় গাবতলী ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খালেকুল আজাদ পরিবারসহ মুক্তাগাছা পৌর শহরের হৃদয় মোড় এলাকায় বসবাস করতেন। বৃহস্পতিবার তিনি গ্রামের বাড়ি রৌহারচরে অবস্থান করছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির আশপাশে হাঁটাহাঁটির সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অপরদিকে, সকাল সাড়ে ১০টার দিকে মধ্য লামকাইন গ্রামে বাড়ির আঙিনায় দাঁড়িয়ে থাকা অবস্থায় বজ্রপাতে গুরুতর আহত হন সিয়াম খান। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।