ময়মনসিংহ সদর উপজেলায় রাজিব ইসলাম (২৫) নামের এক অটোরিকশাচালককে কুপিয়ে হত্যা করে তার অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
শনিবার (১৮ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার শম্ভুগঞ্জ-পরানগঞ্জ সড়কের ৬ নম্বর চর ঈশ্বরদিয়া ইউনিয়নের চর হরিপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশের এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাজিব ইসলাম ময়মনসিংহ নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের চর ঈশ্বরদিয়া সাইতনকান্দা এলাকার এবাদুল ইসলামের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন। তার আড়াই বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে কয়েকজন ব্যক্তি শম্ভুগঞ্জ থেকে জয়বাংলা বাজারে যাওয়ার কথা বলে রাজিবের অটোরিকশাটি ভাড়া করেন। পথে চর হরিপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে নির্জন এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে রাজিবকে আঘাত করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।
এ সময় পেছনে থাকা আরেকটি অটোরিকশার চালক ও যাত্রীরা ঘটনাটি দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা সড়কের পাশের একটি ঝোপে রাজিবের মরদেহ ফেলে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ঘটনার খবর পেয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল ও কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই রাজিব ইসলামকে হত্যা করা হয়েছে। ছিনতাইকারীরা অটোরিকশাটি নিয়ে পালিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।