ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শপিংয়ের টাকা না পেয়ে মায়ের সঙ্গে অভিমান করে কিশোরীর মৃত্যুর ঘটনা ঘটেছে।
রবিবার (১৯ জুলাই) দুপুর আনুমানিক ২টা থেকে ৪টার মধ্যে ঈশ্বরগঞ্জ পৌর শহরের কাকনহাটি উত্তরপাড়া এলাকায় ইলা আক্তার (১৭) নামে ওই কিশোরীর মৃত্যুর ঘটনা ঘটেছে।
নিহত ইলা আক্তার ওই এলাকার আব্দুল হেকিম ও বিলকিস দম্পতির মেয়ে। ইলা আক্তার এবার এসএসসি পরীক্ষা দিয়েছে।
পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শপিংয়ের জন্য মায়ের কাছে টাকা চেয়েছিলেন ইলা। টাকা না পেয়ে তিনি অভিমান করেন। এক পর্যায়ে রবিবার দুপুর দেড়টার দিকে ঘরে প্রবেশ করে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। পরিবারের লোকজন ভেবেছিল ইলা ঘুমাচ্ছে।
বিকাল সাড়ে ৩ টা বেজে গেলেও ইলার সাড়াশব্দ না পেয়ে জানালা দিয় উঁকি দিয়ে দেখতে পায় ইলা গলায় ওড়না ফাঁস দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলছে।
খবর পেয়ে বিকেল ৪টার দিকে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছে পুলিশ।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করা হয়েছে। পরিবারের বিনা ময়নাতদন্তের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দাফনের অনুমতি প্রদান করা হয়েছে।