বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই ভাইয়ের মৃত্যু 

নাটোরের বড়াইগ্রামে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসে প্রকৌশলী বাবার কোলে থাকা দুই মাস বয়সী ইজাদ ও ইহান (৪) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহতরা রাজশাহীর লক্ষ্মীপুর এলাকার প্রকৌশলী আকিব হোসেনের ছেলে। 

দুর্ঘটনায় গুরুতর আহত প্রকৌশলী আকিব হোসেন (৩৫), তার স্ত্রী এমি খাতন (৩২) এবং মা কণা বেগমকে (৬০) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা রাজশাহী শহরের নিজ বাড়িতে ঈদ শেষে ঢাকায় ফিরছিলেন বলে জানা গেছে। বনপাড়া হাইওয়ে ওসি মনিরুজ্জামান এবং বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, রাজশাহীতে ঈদ শেষে বৃহস্পতিবার দুপুরে ওই প্রকৌশলী একটি মাইক্রোবাসে স্বপরিবারে ঢাকায় ফিরছিলেন। মাইক্রোবাসে ওই প্রকৌশলী চালকের পাশের আসনে শিশু সন্তানকে কোলে ও অপর সন্তানকে পাশে বসিয়ে নিয়ে যাচ্ছিলেন। পথে বড়াইগ্রামের চকপাড়া এলাকায় একটি আমবোঝাই ট্রাকের সাথে ওই মাইক্রোবাসের মুখোমুখী সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই দুই মাস বয়সী শিশু ইজাদ নিহত ও অপর চারজন গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ইহান মারা যায়। 
বনপাড়া হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।