চাঁপাইনবাবগঞ্জের সদর, শিবগঞ্জ ও নাচোল উপজেলায় বজ্রপাতে তিন নারীসহ ছয় জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে শিবগঞ্জ উপজেলাতেই মারা গেছেন তিন জন।
বৃহস্পতিবার (৪ জুন) বিকালে বৃষ্টির সময় বজ্রপাতে এসব মৃত্যুর ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আতাহার এলাকার রাব্বিলের ছেলে আব্দুল্লাহ (১৪), শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের চকনরেন্দ্র গ্রামের আব্দুর রউফের স্ত্রী মাহমুদা বেগম (১৯), রানীবাড়ি বাজারপাড়ার কাশেম আলীর মেয়ে সাহিদা খাতুন (১৬), মোবারকপুর ইউনিয়নের শিকারপুর দক্ষিণপাড়ার ফিটু আলী ছেলে মেসবাউল (১৪) ও নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের লাহাপড়া গ্রামের আব্দুর রাকিবের স্ত্রী সুমি আরা (৪০) এবং একই উপজেলার গোসাইপুর গ্রামের মো. শফিউলের ছেলে হাসান আলী (লালু)।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, শিবগঞ্জের তিনজনই মারা গেছের বাড়ি সংলগ্ন আম বাগানে। বৃষ্টির মধ্যে বাগানে আম কুড়াতে গিয়ে তাদের মৃত্যু হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, সদর উপজেলার আতাহারে বৃষ্টির মধ্যে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতের শিকার হয় আব্দুল্লাহ। বজ্রপাতে গুরুতর আহত আবদুল্লাহকে দ্রুত চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের একটি মাঠ থেকে ঘাস কেটে বাড়ি ফেরার পথে বজ্রপাতে সুমি আরার মৃত্যু হয়। এ ছাড়া গোসাইপুর গ্রামের হাসান আলী নামের এক তরুণ আম বাগানে বজ্রপাতে মারা গেছেন।
এদিকে, শিবগঞ্জে নিহত তিনজনের পরিবারকে তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া সদর ও নাচোল উপজেলার নিহত দুই পরিবারের জন্যও আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে বলে সংশ্লিষ্ট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা জানিয়েছেন।