তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে তিনি ঢাকায় শাহজালাল বিমানবন্দরে পৌঁছান। তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। প্রায় ছয় বছর পর তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর এটি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, একাধিক দেশ সফরের অংশ হিসেবে বাংলাদেশে এসেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। তিনি ৪ থেকে ৬ জুন বাংলাদেশ সফর করবেন। আজ শুক্রবার সকালে দুই দেশের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে। সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন।
সংশ্লিষ্ট সূত্র বলছে, সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠকের পাশাপাশি রাজনৈতিক নেতাদের সঙ্গেও বৈঠক করতে পারেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। সংশ্লিষ্ট বৈঠকগুলোতে বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতা, নিরাপত্তা সংলাপ এবং আন্তর্জাতিক ইস্যুতে আলোচনা হতে পারে। বিএনপি সরকার গঠনের পর এপ্রিল মাসে হাকান ফিদানের আমন্ত্রণে তুরস্ক সফর করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ঢাকায় এটি হাকান ফিদানের ফিরতি সফর।