টিভি লাইভ ও মৌলিক গানে ব্যস্ত রাবেয়া সেতু

আট মাস প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরেই ব্যস্ত সময় পার করছেন ‘আরটিভি বাংলার গায়েন-২০২০’ রিয়েলিটি শোর ফার্স্ট রানার আপ রাবেয়া সেতু। ঈদ আয়োজনে ‘স্টুডিও বাংলার গায়েন’-এ মুক্তি পেয়েছে শওকত আলী ইমনের কথা, সুর ও সংগীতে তার নতুন মৌলিক গান ‘মিয়া বিবি’। এ ছাড়া আই কে মিউজিকের ব্যানারে খায়রুল ওয়াসীর সুরে ‘দিস না ফাঁকি’ শিরোনামের আরেকটি গানের শুটিং শেষ করেছেন তিনি।

বৈশাখী টিভির ফোক লাইভে আজ রাত ৮টা ৩০ মিনিটে সংগীত পরিবেশন করবেন সেতু। টেলিভিশন লাইভে নিয়মিতই সংগীত পরিবেশন করছেন। ঈদে মোহনা, গ্লোবাল, আরটিভি, বৈশাখী, বাংলাভিশন ও নাগরিক টিভিতে লাইভ অনুষ্ঠানে গেয়েছেন তিনি।

উচ্চাঙ্গ, নজরুল ও পল্লীগীতিতে দীক্ষা নেওয়া সেতু বর্তমানে সরকারি সংগীত কলেজে পড়ছেন। ইতিমধ্যে তার ‘সাড়ে তিন হাত’, ‘নগরের যাদুকর’, ‘বৈদেশি বন্ধু’সহ প্রায় ৫০টি মৌলিক গান প্রকাশিত হয়েছে।