‘বরবাদ’ দিয়ে বক্স অফিসে বাজিমাত করার পর আবারও একসঙ্গে বড় পর্দায় ফিরছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ তারকা শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়। তাদের নতুন এই সিনেমার নাম ‘নিঃস্ব’। ২০২৭ সালের ঈদুল ফিতরে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গেছে।
সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করে নতুন এই প্রজেক্টের স্পষ্ট বার্তা দেন ঢালিউড কিং। ছবিতে নির্মাতা হৃদয় এবং প্রযোজক শাহরিন সুলতানা সুমির সঙ্গে ফ্রেমবন্দি দেখা যায় তাকে। ক্যাপশনে শাকিব খান লেখেন, ‘বরবাদ’ টিম আবার ফিরছে। আবারও ইতিহাস তৈরি করা যাক।
জানা গেছে, ‘বরবাদ’-এর মতো নতুন এই সিনেমাটিও প্রযোজনা করছে রিয়েল এনার্জি প্রোডাকশন। প্রযোজক সুমি জানিয়েছেন, খুব শিগগির আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে ছবিটির বিস্তারিত তথ্য ও কলাকুশলীদের নাম প্রকাশ করা হবে। তবে শাকিব খানের বিপরীতে নায়িকা কে থাকছেন, তা এখনো চূড়ান্ত হয়নি।
এর আগে ২০২৫ সালের রোজার ঈদে মুক্তি পেয়েছিল শাকিব খান ও ওপার বাংলার ইধিকা পাল অভিনীত মেগা হিট ছবি ‘বরবাদ’। নির্মাতাদের দাবি অনুযায়ী, সিনেমাটি বক্স অফিসে ৭৫ কোটি টাকারও বেশি ব্যবসা করে নতুন রেকর্ড গড়েছিল। সেই দুর্দান্ত সাফল্যের ধারাবাহিকতায় এবার শুরু হতে যাচ্ছে ‘নিঃস্ব’র যাত্রা।