শাইখ সিরাজের নির্মাণে খুরশিদ আলমের প্রামাণ্যচিত্র

হৃদয়ে কী সুর বাজে

আপডেট : ২২ জুলাই ২০২৬, ০৭:৪২ এএম

বরেণ্য কণ্ঠশিল্পী খুরশিদ আলমের দীর্ঘ ও বর্ণাঢ্য জীবন, সংগীতচর্চা এবং অনন্য শিল্পীসত্তা নিয়ে নির্মিত হয়েছে বিশেষ প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’। আগামী ১ আগস্ট এই কালজয়ী কণ্ঠশিল্পীর ৮১তম জন্মদিন। এ উপলক্ষে ওই দিন বিকেল ৫টা ৪০ মিনিটে চ্যানেল আইতে প্রামাণ্যচিত্রটি প্রচারিত হবে। এটি নির্মাণ করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ।

সদা হাস্যোজ্জ্বল ও প্রাণচঞ্চল শিল্পী খুরশিদ আলমের এই প্রামাণ্যচিত্রে তার জীবনের নানা গুরুত্বপূর্ণ অধ্যায়, স্মৃতি, সংগ্রাম ও সাফল্যের গল্প ফুটিয়ে তোলা হয়েছে। শিল্পীর উঠে আসার পেছনের গল্প, ব্যক্তিজীবনের অজানা নানা স্মৃতিচারণ এবং দেশের সংগীতাঙ্গনে তার অসামান্য অবদান নতুনভাবে জানতে পারবেন দর্শকরা।

১৯৪৬ সালে জয়পুরহাটে জন্ম নেওয়া এই গুণী শিল্পীর সংগীতে আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৯৬৫ সালে রবীন্দ্রসংগীতের মাধ্যমে। প্রথমে বেতারে গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন এবং ১৯৬৯ সালে বাবুল চৌধুরী পরিচালিত ‘আগন্তুক’ চলচ্চিত্রের ‘বন্দি পাখির মতো’ গানের মধ্য দিয়ে শুরু হয় তার প্লেব্যাক ক্যারিয়ার। গানটি তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়।

পরবর্তী সময়ে নায়করাজ রাজ্জাক, রহমান, ওয়াসিম, জাফর ইকবাল, সোহেল রানা ও ইলিয়াস কাঞ্চনসহ তৎকালীন জনপ্রিয় অসংখ্য চিত্রনায়কের লিপে তিনি কণ্ঠ দিয়েছেন। প্লেব্যাকে চার শতাধিক গানে কণ্ঠ দিয়েছেন এই শিল্পী। তার গাওয়া ‘মাগো মা ওগো মা’, ‘চুমকি চলেছে একা পথে’, ‘ও দুটি নয়নে’ কিংবা ‘আজকে না হয় ভালোবাস’-এর মতো বহু কালজয়ী সৃষ্টি গানপ্রেমী মানুষের মুখে মুখে ফেরে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত