অর্থ উপদেষ্টা বললেন

জিডিপির ৫ শতাংশ স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়া হবে

দেশের স্বাস্থ্য খাতের বিদ্যমান সংকট মোকাবিলায় ধাপে ধাপে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ স্বাস্থ্য খাতে ব্যয়ের লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। গতকাল বৃহস্পতিবার ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) ব্যবসায় প্রশাসন বিভাগের আয়োজনে ‘বাংলাদেশ স্বাস্থ্য বাজেট সংলাপ : অগ্রাধিকার, ঘাটতি ও করণীয়’ শীর্ষক প্যানেল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিতুমীর বলেন, দেশে একটি সমন্বিত জাতীয় স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে শুরু করে উপজেলা ও জেলা পর্যায়ে বিশেষায়িত চিকিৎসাসেবা সম্প্রসারণ করা হবে।

তিনি বলেন, স্বাস্থ্য খাতে অবকাঠামো ও জনবলের মধ্যে সমন্বয়হীনতা রয়েছে। কোথাও অবকাঠামো থাকলেও প্রয়োজনীয় জনবল নেই, আবার কোথাও জনবল থাকলেও অবকাঠামোগত ঘাটতি রয়েছে। সরকারি ও বেসরকারি খাতের ভূমিকা নিয়ে নানা আলোচনা থাকলেও সবচেয়ে বড় সমস্যা হলো দেশে এখনো একটি পূর্ণাঙ্গ জাতীয় স্বাস্থ্যব্যবস্থা গড়ে ওঠেনি। তবে প্রধানমন্ত্রী এমন একটি ব্যবস্থা প্রতিষ্ঠার নির্দেশনা দিয়েছেন।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা বলেন, বিভিন্ন গবেষণা ও সমীক্ষায় দেখা গেছে, স্বাস্থ্য খাতের অনেক সমস্যার সমাধান পর্যাপ্ত বিনিয়োগের মাধ্যমে সম্ভব। এ কারণে সরকার ধারাবাহিকভাবে এ খাতে বরাদ্দ বাড়ানোর পরিকল্পনা করছে।