২ বিলিয়ন ডলারের সামরিক ড্রোন কিনছে ভারত

ইউক্রেন, ইরান ও বিভিন্ন আঞ্চলিক সংঘাতের জেরে ড্রোনের চাহিদা ব্যাপক বৃদ্ধি পাওয়ায় দেশীয় সংস্থাগুলো থেকে ২০০ কোটি ডলারেরও বেশি মূল্যের সামরিক ড্রোন কেনার পরিকল্পনা করছে ভারত। দেশটির ইতিহাসে এটিই হতে যাচ্ছে ড্রোনের সবচেয়ে বড় ক্রয়াদেশ। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ড্রোনের এই ক্রয় পরিকল্পনাটি বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী ১৮ থেকে ২৪ মাসের মধ্যে এগুলো সরবরাহ করা হতে পারে। সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা এবং ৫৫০টিরও বেশি ড্রোন নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘ড্রোন ফেডারেশন অব ইন্ডিয়ার’ প্রেসিডেন্ট স্মিত শাহ রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এর আগে কৌশলগত শ্রেণির ড্রোনের জন্য সরকারের ক্রয়াদেশ ছিল ৩১৩ মিলিয়ন ডলার।

স্মিত শাহ আরও জানান, জরুরি কৌশলগত সামরিক প্রয়োজন মেটাতে নতুন এই বড় ক্রয়াদেশটি মূলত একটি বিশেষ ‘ফাস্ট-ট্র্যাক’ বা দ্রুততর প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করা হতে পারে। তবে রয়টার্সের পক্ষ থেকে এই সম্ভাব্য ক্রয়াদেশের বিষয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। মূলত গত বছরের মে মাসে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে এক সীমান্ত সংঘর্ষে দুই পক্ষই প্রথমবারের মতো বড় পরিসরে চালকবিহীন যুদ্ধবিমান বা ড্রোন মোতায়েন করে।