নৌ পুলিশের দূরদর্শিতায় দুর্ঘটনা থেকে বাঁচল অর্ধশত যাত্রী

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে নৌ পুলিশের সময়োচিত সতর্কতা ও দ্রুত পদক্ষেপে অর্ধশতাধিক যাত্রী ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন।

শুক্রবার (৫ জুন) সকাল আনুমানিক ৯টার দিকে দৌলতদিয়া ঘাটের ৭ নম্বর পন্টুনে এ ঘটনা ঘটে।

ঘাট সূত্রে জানা যায়, অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি দূরপাল্লার বাস ফেরিতে ওঠার উদ্দেশ্যে পন্টুনের দিকে আসছিল। এ সময় সেখানে দায়িত্ব পালনরত দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা পরিস্থিতি পর্যবেক্ষণ করে বাসটি থামিয়ে যাত্রীদের দ্রুত নেমে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেন।

নৌ পুলিশের নির্দেশনা অনুযায়ী যাত্রীরা বাস থেকে নেমে গেলে চালক ও হেলপার গাড়িটি ফেরিতে তোলার চেষ্টা করেন। তবে ঠিক সেই মুহূর্তে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়।

ঘটনার সঙ্গে সঙ্গেই ঘাটে কর্তব্যরত নৌ পুলিশের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। তাদের তাৎক্ষণিক ও সাহসী উদ্যোগে বাসের চালক ও হেলপারকে জীবিত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নৌ পুলিশ আগেভাগেই যাত্রীদের বাস থেকে নামিয়ে না দিলে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারত। নৌ পুলিশের এই দায়িত্বশীল ও মানবিক ভূমিকার কারণে অর্ধশতাধিক যাত্রী নিশ্চিত মৃত্যুর ঝুঁকি থেকে রক্ষা পেয়েছেন।

ঘটনার পর ঘাটে উপস্থিত সাধারণ মানুষ ও যাত্রীরা নৌ পুলিশের বীরত্বপূর্ণ ও সময়োপযোগী পদক্ষেপের প্রশংসা করেন।

নৌ পুলিশ জানিয়েছে, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে তারা সবসময় প্রস্তুত রয়েছে।