বিএনপি আওয়ামী লীগের ফাঁদে পড়ে জিয়াউর রহমানকে হারিয়েছে, বিনা চিকিৎসায় খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। সেই বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
শুক্রবার (৫ জুন) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তারেক রহমানকে উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘এরাই আপনার বাবার খুনি, এরাই আপনার মায়ের খুনি। এরাই বিএনপির অসংখ্য নেতাকর্মীর খুনি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর অসংখ্য নেতাকর্মীর খুনি। এরা সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা করেছে, শাপলা চত্বরে অসংখ্য আলেম-ওলামাকে হত্যা করেছে এবং পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে।’
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত হয়ে আপনারা সংসদে গিয়েছেন, কিন্তু সংসদে গিয়ে এখন গণভোটকে অস্বীকার করছেন। আপনাদের এই খামখেয়ালিপনা জনগণ কখনও মেনে নেবে না। জনগণের ভোটে নির্বাচিত হলেও অল্প সময়ের মধ্যেই আপনারা জনগণের সঙ্গে প্রতারণা শুরু করেছেন।’
এনসিপি মতলব উত্তর উপজেলা আহ্বায়ক আরিফা তুহিনের সভাপতিত্বে এবং সদস্যসচিব ইমাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব নিজাম উদ্দিন, চাঁদপুর জেলা কমিটির নেতা মাহবুবুল আলম, কেন্দ্রীয় যুব নারী শক্তির যুগ্ম আহ্বায়ক ইমরাত জাহান বিন্দু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবুল বাশার, উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ইদ্রিস আলী প্রধানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নাসীরুদ্দীন পাটওয়ারীর এ অনুষ্ঠানকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানের আগের দিন চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ রবিউল হাসান ঘটনাস্থল পরিদর্শন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করেন।
অনুষ্ঠানে পাঁচ মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে শতাধিক নেতাকর্মী এনসিপিতে যোগদান করেন।