ঈদে গাদির ও হজরত ইমাম আলীর (আ.) অভিষেক দিবস উপলক্ষে চট্টগ্রামে প্রায় এক হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন ইমামিয়া ইসনা আশারিয়া (শিয়া) অনুসারীরা।
শুক্রবার (৫ জুন) বাদ জুমা নগরের সদরঘাট ইমামবাড়া থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে পথচারী, শ্রমজীবী ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে খাবার বিতরণের পাশাপাশি ঈদে গাদিরের তাৎপর্য তুলে ধরে আলোচনা, নাত ও গজল পরিবেশন করা হয়।
চট্টগ্রাম সদরঘাট ইমামবাড়ার পেশ ইমাম মওলানা আমজাদ হোসেনের নেতৃত্বে একটি পিকআপ ভ্যানে করে স্বেচ্ছাসেবীরা নগরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে খাবার বিতরণ করেন। বহরটি সদরঘাট থেকে টাইগারপাস, লালখান বাজার, জিইসি মোড়, ওয়্যারলেসসহ নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় প্রায় এক হাজার মানুষের হাতে খাবারের প্যাকেট তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, ইসলামের ইতিহাসে ঈদে গাদির একটি গুরুত্বপূর্ণ দিন। ১০ হিজরির ১৮ জিলহজ বিদায় হজ শেষে গাদিরে খুম নামক স্থানে মহানবী হজরত মুহাম্মদ (সা.) মুসলিম উম্মাহর বিশাল সমাবেশে হজরত আলী (আ.)-কে নিজের উত্তরসূরি ও নেতা হিসেবে পরিচয় করিয়ে দেন। এ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবছর ১৮ জিলহজ ‘ঈদে গাদির’ হিসেবে পালন করা হয়। গাদিরে খুমে মহানবী (সা.) ঘোষণা করেছিলেন, “যার মাওলা আমি, আলীও তার মাওলা।” এই ঘোষণার মাধ্যমে ইমাম আলীর (আ.) নেতৃত্ব ও মর্যাদা প্রতিষ্ঠিত হয়। তাই দিনটিকে আনন্দ, কৃতজ্ঞতা ও মানবসেবার মধ্য দিয়ে উদযাপন করা হয়।
কর্মসূচি চলাকালে রাসূলুল্লাহ (সা.)-এর বিভিন্ন বাণী, ইমাম আলীর (আ.) ন্যায়পরায়ণতা, জ্ঞান, সাহসিকতা ও মানবসেবামূলক জীবনাদর্শ নিয়ে আলোচনা করা হয়। এছাড়া ঈদে গাদিরের তাৎপর্য তুলে ধরে বয়ান, নাত, হামদ ও গজল পরিবেশন করা হয়।
চট্টগ্রাম সদরঘাট ইমামবাড়ার পেশ ইমাম মওলানা আমজাদ হোসেন বলেন, ‘ঈদে গাদির মুসলিম ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিন আমাদের জন্য ঐক্য, ন্যায়বিচার ও মানবসেবার শিক্ষা বহন করে। ইমাম আলীর (আ.) আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব।’
তিনি আরও বলেন, ‘ঈদে গাদিরের আনন্দ মানুষের সঙ্গে ভাগাভাগি করতে এবং ইসলামের মানবকল্যাণের বার্তা পৌঁছে দিতে আমরা এই খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করেছি।’
কর্মসূচিতে ইমামিয়া ইসনা আশারিয়া সম্প্রদায়ের বিপুলসংখ্যক অনুসারী অংশ নেন। তারা বলেন, ধর্মীয় মূল্যবোধ ও মানবিক দায়িত্ববোধ থেকে ভবিষ্যতেও তারা বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করবেন।