ফিফা বিশ্বকাপ-২০২৬

৪৮ দেশের পতাকা নিয়ে রাজধানীতে শোভাযাত্রা

ফুটবলের সর্বোচ্চ মঞ্চ ‘ফিফা বিশ্বকাপ-২০২৬’ উপলক্ষে গতকাল শুক্রবার ৪৮ দেশের পতাকা নিয়ে শোভাযাত্রার আয়োজন করেছে পুরান ঢাকার সংগঠন কিশলয় যুব সংঘ। শোভাযাত্রাটি হোসেনী দালান রোড থেকে শুরু হয়ে নাজিমুদ্দিন রোড, চানখাঁরপুল, দোয়েল চত্বর দিয়ে টিএসসিতে গিয়ে শেষ হয়। ভক্ত-সমর্থকরা তাদের প্রিয় দলের জার্সি পরে এবং পতাকা হাতে এতে অংশ নেন।

হিলিতে আর্জেন্টিনা দলের সমর্থনে র‌্যালি : হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি জানান, ফিফা বিশ্বকাপ উপলক্ষে গতকাল বিকেলে দিনাজপুরের হাকিমপুরের হিলিতে আর্জেন্টিনা দলের সমর্থনে আনন্দ র‌্যালি করেছে হাকিমপুর উপজেলা আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী। প্রিয় দলের জন্য শুভকামনার পাশাপাশি এবারও বিশ্বকাপ জয়ের প্রত্যয় ব্যক্ত করেন তারা। হিলি স্থলবন্দরের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে স্থলবন্দর ও বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হিলি রেলস্টেশনে গিয়ে শেষ হয়।

সমর্থকরা বাংলাদেশের জাতীয় পতাকা ও আর্জেন্টিনা দলের পতাকা হাতে দলটির জার্সি পরে এতে অংশ নেন। তারা বাঁশি (ভুভুজেলা) বাজিয়ে ও আতশবাজি ফুটিয়ে নানা রঙ ছড়িয়ে উল্লাস প্রকাশ করেন।

র‌্যালিতে অংশ নেওয়া হাকিমপুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি সাখাওয়াত হোসেন বলেন, আমরা কোনো দেশ বা জাতিকে সমর্থন করি না, সমর্থন করি ফুটবল দলকে। কারও প্রতি কোনো রকম বিদ্বেষ বা হিংসাত্মক কোনো কথা বলব না। যে যেই দলেরই সাপোর্টার হোক, সবাই মিলে আমরা ফুটবলকে উপভোগ করব। আমরা আশাবাদী, আর্জেন্টিনা এবারও চ্যাম্পিয়ন হবে।

রাঙ্গামাটিতে ব্রাজিল দলের সমর্থকদের র‌্যালি : রাঙ্গামাটি প্রতিনিধি জানান, আসন্ন ফুটবল বিশ্বকাপ সামনে রেখে ব্রাজিল সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছে রাঙ্গামাটি। শুক্রবার বিকেলে শহরে ব্রাজিল সমর্থকদের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়।

শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি রাঙ্গামাটির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। এ সময় পাঁচ শতাধিক সমর্থক ব্রাজিলের জার্সি পরে এবং হাতে দলটির জাতীয় পতাকা নিয়ে অংশ নেন।

অংশগ্রহণকারীরা জানান, ফুটবল শুধু খেলা নয়, এটি আবেগ ও ভালোবাসার নাম। বিশ্বকাপকে ঘিরে সেই আবেগকে উদযাপন করতেই তাদের এ আয়োজন। তারা আশা প্রকাশ করেন, আসন্ন বিশ্বকাপে ব্রাজিল শিরোপা জিতে কোটি সমর্থকের প্রত্যাশা পূরণ করবে।