সড়ক দুর্ঘটনায় মা-ছেলে ও শিশুসহ ৮ জন নিহত

আট জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলে ও শিশুসহ আটজন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় মা-ছেলেসহ সিএনজিচালিত অটোরকিশার তিন যাত্রী নিহত হয়েছেন। মাদারীপুরের কালকিনি উপজেলার ভূরঘাটা মসজিদের সামনে বিএমএফ পরিবহনের একটি বাসের চাপায় আলিসা (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। নেত্রকোনার কলমাকান্দার পাঁচগাঁও পাহাড়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে মোটরসাইকেল থেকে পড়ে হুমায়ুন আহমেদ (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ফরিদপুরের চরভদ্রাসনে জমি চাষের সময় ট্রাক্টরের নিচে চাপা পড়ে জয় বিশ্বাস (২০) নামে এক চালকের মৃত্যু হয়। গোপালগঞ্জের মুকসুদপুরে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুইজন নিহত হন। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হন। দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন

ব্রাহ্মণবাড়িয়া : গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশহর এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় মা-ছেলেসহ সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হন। নিহতরা হলেন অটোরিকশাচালক মাহবুব (৪৫), অটোরিকশার যাত্রী জোসনা বেগম (৪০) ও তার শিশুপুত্র আশরাফুল (৫)। এ ঘটনায় আহত হয়েছেন জোসনার স্বামী কাউসার (৫০) ও তার মেয়ে আদিবা (৪)। তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের বাড়ি জেলার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে।

পুলিশ জানায়, সকালে কসবা থেকে সিএনজি অটোরিকশায় করে স্ত্রী-সন্তানদের নিয়ে সরাইল-বিশ্বরোড যাচ্ছিলেন কাউসার। পথিমধ্যে বিয়াল্লিশহর এলাকায় পেছন দিক থেকে একটি মাছভর্তি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এ ঘটনায় অটোরিকশার আরোহীরা গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে ওই তিনজের মৃত্যু হয়।

মাদারীপুর : গতকাল শুক্রবার বিকেলে মাদারীপুরের কালকিনি উপজেলার ভূরঘাটা মসজিদের সামনে বিএমএফ পরিবহনের একটি বাসের চাপায় আলিসা নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা টায়ার জ্বালিয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে প্রশাসনের হস্তক্ষেপে প্রায় ২ ঘণ্টা পর যানচলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ডাসার উপজেলার বনগ্রাম গ্রামের ইতালিপ্রবাসী আবুল হোসেন ঘরামীর মেয়ে আলিসা তার দাদার সঙ্গে ভূরঘাটা এলাকায় মিষ্টি খেতে এসেছিল। পরে রাস্তা পার হওয়ার সময় বিএমএফ পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নেত্রকোনা : শুক্রবার বিকেলে নেত্রকোনার কলমাকান্দার পাঁচগাঁও পাহাড়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে মোটরসাইকেল থেকে পড়ে হুমায়ুন আহমেদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত হুমায়ুন শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার গোলাম মোস্তফার ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে শেরপুরের নালিতাবাড়ী থেকে তিনটি মোটরসাইকেলে করে হুমায়ুনসহ ছয় বন্ধু কলমাকান্দার পাঁচগাঁও পাহাড়ে ঘুরতে আসেন। দুপুরের পর চন্দ্রডিঙ্গা এলাকা থেকে  ফেরার পথে প্রধান সড়কে ওঠার ঠিক আগমুহূর্তে হুমায়ুন মোটরসাইকেল থেকে পড়ে যায়। পরে পেছনে থাকা বন্ধুরা তাকে উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত ওসি সজল সরকার জানান, প্রাথমিকভাবে মোটরসাইকেল থেকে পড়ে এক যুবকের মৃত্যুর বিষয়টি আমরা জানতে পেরেছি। নিহতের মরদেহ বর্তমানে থানায় রয়েছে এবং তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনিপ্রক্রিয়া চলমান।

ফরিদপুর : শুক্রবার চরভদ্রাসন উপজেলার চর ঝাউকান্দা ইউনিয়নের চর কল্যাণপুর এলাকার বালুরঘাটে ফরিদপুরের চরভদ্রাসনে জমি চাষ দেওয়ার সময় ট্রাক্টরের নিচে চাপা পড়ে জয় বিশ্বাস (২০) নামে এক চালকের মৃত্যু হয়েছে। নিহত জয় বিশ্বাস ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার শাহবাজপুর গ্রামের গোলাম বিশ্বাসের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়,  অতিরিক্ত গরমের কারণে রাত ১২টার পর কৃষিকাজের জন্য জমিতে চাষ দেওয়ার সময় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাক্টরের নিচে আটকা পড়েন চালক জয় বিশ্বাস। পরের দিন সকাল ৭টার দিকে স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে চরভদ্রাসন থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে  ট্রাক্টরের নিচ থেকে জয় বিশ্বাসকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

গোপালগঞ্জ : গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুরের রাগদি এলাকায় দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হন। পুলিশ জানায়, ঢাকাগামী বিআরটিসির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাগদি ব্রিজে ধাক্কা দেয়। এ সময় পেছন থেকে আসা হিমেল সীমান্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিআরটিসি বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে দুটি বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন।

দুর্ঘটনার পর পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য এবং স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুজনকে ঢাকায় নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। নিহত অমিতাভ হাওলাদার (৪২) পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আমিরাবাদ গ্রামের অমলেন্দু হাওলাদারের ছেলে এবং কালাম (৩০) শেরপুর জেলার আব্দুস সামাদের ছেলে। আহতদের মধ্যে আরও একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মো. সোহেল খান বলেন, দুর্ঘটনার পরই উদ্ধারকাজ চালানো হয়। নিহতদের মরদেহ আইনিপ্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।