হান্নান মাসউদের টাকা দাবির তথ্য ফাঁসের জেরে হামলার অভিযোগ

আওয়ামী লীগের এক নেতাকে বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দিতে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের ৩ কোটি টাকা দাবির তথ্য ফাঁসের জেরে ছাত্রদল নেতার বাড়িতে হামলার অভিযোগ উঠেছে এনসিপি নেতাকর্মীদের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার রাতে হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম বড় দেইল গ্রামে ছাত্রদল নেতা গাফফারের পৈতৃক বাড়িতে এ হামলার হয়। ঘটনার প্রতিবাদে হাতিয়া উপজেলা ছাত্রদল স্থানীয় সাগরিয়া বাজারে বিক্ষোভ মিছিল করেছে। হামলায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।

ভুক্তভোগী ছাত্রদল নেতার নাম আব্দুল গাফফার। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম বড় দেইল গ্রামের মাওলানা মোছলেহ উদ্দিনের ছেলে। জুলাই গণঅভ্যুত্থানের সময় হান্নান মাসউদের ঘনিষ্ঠ সহচর ছিলেন তিনি। 

আব্দুল গাফফার বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের সময় হান্নান, রিফাত ও মাহিম সেইফ হোমে ছিল। তখন হান্নান মাসউদকে নিরাপত্তার ব্যবস্থা করেছি। এ ছাড়া হাতিয়ার রাজনীতিতেও তাকে প্রতিষ্ঠিত করেছি। যার কারণে তার সঙ্গে ভালো সম্পর্ক গড়ে ওঠে। তখন তার অনেক কিছু কাছ থেকে দেখেছি। ৫ আগস্টের পর হান্নান নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীকে বিমানবন্দর পৌঁছে দিতে পরিকল্পনা করে। এজন্য ৩ কোটি টাকা দাবি করেন। তখন এতে আমি বাধা দেই। 

এ ঘটনা গত বুধবার গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খাঁনকে জানাই। পরে এ নিয়ে তিনিও সামাজিক মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। পরে আমি স্ট্যাটাসটি আমার ওয়ালে শেয়ার করি। এ ঘটনার পর থেকে হান্নান মাসউদ আমার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। ৩ কোটি টাকা দাবির তথ্য ফাঁসের জেরে হান্নানের যোগসাজশে তার অনুসারীরা আমার বাড়িতে হামলা-ভাঙচুর চালায়। আমার বৃদ্ধ মা জান্নাত ও বাবা একাই বাড়িতে থাকেন। তারা ভয়ে আছেন। আবারও হামলার আশঙ্কা করছেন। 

হাতিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক সামছুল কিবরিজ বলেন, ছাত্রদল নেতা গাফফার দৃঢ়ভাবে বলছে এটা এনসিপির নেতাকর্মীরা করেছে। তাহলে আমরা ধরে নেব, তারা নিজেরাই ভাইরাল হওয়ার জন্য এ ঘটনা ঘটিয়েছে। স্থানীয় এমপি মুঠোফোনে আমাকে বিষয়টি অবহিত করলে আমি ঘটনাস্থলে যাই। সেখানে বিএনপির নেতাকর্মীরা একটি অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করে।   

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আব্দুল হান্নান মাসউদ বলেন, ‘আমার বাড়িতেই হামলা হচ্ছে। সেগুলো ট্যাকেল দিয়ে উঠতে পারি না। আমি আরেকজনের বাড়িতে কীভাবে হামলা করব। এটা পুরোপুরি একটা সাজানো নাটক। যাতে করে আমাকে হেয় করা যায়।’   

হাতিয়া থানার ওসি কবির হোসেন বলেন, গাফফারের গ্রামের বাড়িতে একতলা ভবন। ওই ভবনের দক্ষিণ পাশে অন্ধকার, ওই দিক থেকে কেউ একজন ঢিল মারছে। ইটের টুকরা এসে পড়ে জানালার কাচ ভেঙেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।