নড়াইলের লোহাগড়ায় ঘুড়ি উড়ানোকে কেন্দ্র করে সরদার গ্রুপ ও মুন্সী গ্রুপের লোকজনের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার মাটিয়ডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বের একটি ঘটনার জেরে ওই দিন রাত ১২টার দিকে টর্চ লাইট জ্বালিয়ে দুই গ্রুপের লোকজন ঢাল, সড়কি, রাম দা, ইটপাটকেল নিয়ে ঘণ্টাব্যাপী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় মিজানুর মুন্সী, ইজাজুল মুন্সী, হানিফ সরদারসহ অন্তত ১৫ জন আহত হয়। এ সময় ৮ থেকে ১০টি বাড়িঘরে ভাঙচুর চালানো হয়।
স্থানীয় ইউপি সদস্য কালাম মুন্সী বলেন, ‘ঘুড়ি উড়ানোকে কেন্দ্র করে এলাকার ছোট ছেলেদের মধ্যে হাতাহাতি হয়। এ নিয়ে মীমাংসার জন্য গত বৃহস্পতিবার রাতে উভয়পক্ষের লোকজন সালিশ বৈঠকে বসার কথা ছিল। কিন্তু সালিশ বৈঠক না বসে নিয়ামত সরদারের লোকজন লাঠিসোঁটা নিয়ে হামলা করে।’ তবে নিয়ামত সরদারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, ‘খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।