দুপক্ষের সংঘর্ষে নিহত বৃদ্ধ, ১৪৪ ধারা জারি

টাঙ্গাইলে পূর্ব শত্রুতার জেরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে এক বৃদ্ধের নিহতের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ঘটনাস্থলে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। কিন্তু ১৪৪ ধারা উপেক্ষা করে গতকাল শুক্রবার নতুন করে আবারও দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ চলে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দোকানে বাকি খাওয়াকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধের জেরে গত ২২ এপ্রিল গোপালপুর উপজেলার গোলপেঁচা ও ভূঞাপুর উপজেলার জগৎপুরা গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। সেই বিরোধের ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার বিকেলে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। এ সময় অন্তত ১০টি বাড়িতে অগ্নিসংযোগ ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এদিন গভীর রাতে প্রশাসন সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি করে। তবে গতকাল শুক্রবার সকালে ১৪৪ ধারা উপেক্ষা করে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অন্তত পাঁচটি বাড়িতে অগ্নিসংযোগ এবং কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়। এতে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়রা জানান, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে। সংঘর্ষ আশপাশের এলাকাগুলোতেও ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন তারা।

এদিকে প্রশাসনের কর্মকর্তারা জানান, প্রথমে দুই গ্রামের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এখন সংঘর্ষের প্রভাব অন্যান্য এলাকাতেও ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ভূঞাপুর থানার উপ-পরিদর্শক আসলাম উদ্দিন জানান, নিহত কালাম তালুকদার (৬৫) জগৎপুরা গ্রামের হাবিবুর রহমান তালুকদারের ছেলে। নিহত কালামের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। সংঘর্ষে আহত অন্যদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে কাজ করছেন। সবাইকে শান্ত থাকার আহ্বান জানানো হচ্ছে।’