এবার উনের সঙ্গে সাক্ষাতে যাচ্ছেন জিনপিং

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী সপ্তাহে উত্তর কোরিয়া সফরে গিয়ে দেশটির নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রায় সাত বছরের মধ্যে এটি হতে যাচ্ছে তার প্রথম সফর। দুই দেশের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ কথা জানিয়েছে। 

কিম জং উনের আমন্ত্রণে জিনপিং আগামী ৮ থেকে ৯ জুন উত্তর কোরিয়ায় অবস্থান করবেন।

সর্বশেষ ২০১৯ সালে তিনি পিয়ংইয়ং সফর করেছিলেন। এমন এক সময়ে এ সফরটি হতে যাচ্ছে, যার মাত্র কয়েক সপ্তাহ আগেই বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে অতিথি করেছিলেন শি জিনপিং।

পিয়ংইয়ংয়ের পররাষ্ট্র নীতির ওপর চীনের বড় ধরনের প্রভাব রয়েছে। পারমাণবিক অস্ত্র কর্মসূচি এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ব্যাপক আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় থাকা উত্তর কোরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও রাজনৈতিক মিত্র হচ্ছে চীন। চীন ও উত্তর কোরিয়ার মধ্যে ১ হাজার ৪০০ কিলোমিটার দীর্ঘ সীমান্তও রয়েছে।

একই সঙ্গে দেশ দুটি একটি প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে আবদ্ধ, যা কোনো দেশের সঙ্গে চীনের একমাত্র এমন চুক্তি। এর আওতায় কোনো এক পক্ষ আক্রান্ত হলে পারস্পরিক সহায়তার নিশ্চয়তা দেওয়া হয়েছে। চলতি বছর এ চুক্তির ৬৫তম বার্ষিকী।