ভারতে অবৈধভাবে অবস্থান করা বাংলাদেশিসহ সব বিদেশি নাগরিকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, ভারত তা আরও শক্তিশালী করে এগিয়ে নিতে চায়। গতকাল শুক্রবার দিল্লিতে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
রণধীর জয়সওয়াল বলেন, অবৈধভাবে কেউ ভারতে থাকতে পারবে না। বাংলাদেশের ক্ষেত্রেও আমাদের অবস্থান অভিন্ন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের আইন রয়েছে ও সেই আইন অনুযায়ীই ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, সন্দেহভাজন অবৈধ বাংলাদেশি অভিবাসীদের নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে ভারত। এ প্রক্রিয়া দ্রুত শেষ হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের ফেরত পাঠানোর কার্যক্রম আরও ‘মসৃণ ও কার্যকরভাবে’ সম্পন্ন করা সম্ভব হবে।
ভারত ও বাংলাদেশের সম্পর্কের ওপর চলমান ‘পুশইন’ বা সীমান্ত দিয়ে লোক ঠেলে পাঠানোর ঘটনাগুলোর কোনো নেতিবাচক প্রভাব পড়তে পারে কি না এমন প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করা ও এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষেই রয়েছে ভারত।